মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১০ হাজার টাকা। পরে জনসম্মুখে পুড়িয়ে জালগুলো ধ্বংস করা হয়।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী মঙ্গলবার (১৩ অক্টোবর) পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়ার জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। এ সময় ভেড়ামারার সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান এবং নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানে নৌপুলিশ ও উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মীরা সার্বিক সহযোগিতা করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষা এবং মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষিদ্ধ জালের ব্যবহার কঠোরভাবে দমন করা হচ্ছে। জনস্বার্থে এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জেএইচআর
