কালবেলা · সাধারণ
আবাসন শিল্প নিয়ে ‘আবাসন দর্পণ’ বইয়ের মোড়ক উন্মোচন
১১/১০/২০২৬

বাংলাদেশের আবাসন শিল্পের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ, সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে লেখা ‘আবাসন দর্পণ-এক মলাটে সম্পূর্ণ আবাসন’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
একই অনুষ্ঠানে আবাসন শিল্পে অবদানের স্বীকৃতি হিসেবে তিনটি বিভাগে আট বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়।
বইটির লেখক মেহেদী বিল্লাহ রেজওয়ান। আমার আঙিনা প্রকাশনী থেকে প্রকাশিত ৩৪১ পৃষ্ঠার বইটিতে পাঁচটি অংশ, ২১টি অধ্যায় ও ৪৩০টি উপ-অধ্যায় রয়েছে। লেখকের দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতার আলোকে বইটিতে দেশের আবাসন শিল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি ড. মো. আলী আফজাল। এ ছাড়া উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. আমীর আহমেদ এবং বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
অনুষ্ঠানে আবাসন খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন আনান্তা রিয়েল এস্টেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলিনুর রহমান, বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেডের (বিটিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং এসটিএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ তালায়েত হোসেন।
তিন বিভাগে সম্মাননা
আবাসন শিল্পে দীর্ঘদিনের অবদান ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে চারজনকে ‘আবাসন কিংবদন্তি সম্মাননা–২০২৬’ দেওয়া হয়। সম্মাননা পাওয়া ব্যক্তিরা হলেন বিল্ডিং ফর ফিউচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তানভীরুল হক প্রোবাল, ট্রপিক্যাল হোমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ রবিউল হক, বিটিআইয়ের অ্যাডভাইজার ইমেরিটাস প্রকৌশলী ফয়জুর রহমান খান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
অনুষ্ঠানের প্রধান অতিথি রিহ্যাব সভাপতি ড. মো. আলী আফজালকে দেওয়া হয় ‘প্রধান অতিথি সম্মাননা–২০২৬’। এ ছাড়া নির্বাহী নেতৃত্ব ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতি হিসেবে ‘গুরুত্বপূর্ণ নির্বাহী নেতা সম্মাননা–২০২৬’ পেয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিয়েল এস্টেট বিভাগের প্রধান ড. আমীর আহমেদ, বিটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং এসটিএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ তালায়েত হোসেন।
জ্ঞানভিত্তিক আবাসন শিল্প গড়ার লক্ষ্য
বইটির লেখক মেহেদী বিল্লাহ রেজওয়ান বলেন, আবাসন শুধু সম্পদ নয়; এটি কোটি পরিবারের স্বপ্ন এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবনের ভিত্তি। এ খাতের টেকসই উন্নয়নের জন্য জ্ঞান, দক্ষতা, নৈতিকতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সমন্বয় প্রয়োজন।
তিনি বলেন, ‘আবাসন দর্পণ’ লেখার উদ্দেশ্য শুধু একটি বই প্রকাশ করা নয়। আবাসন শিল্পে জ্ঞানচর্চা বাড়ানো, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার সংস্কৃতি গড়ে তোলাও এর লক্ষ্য।
লেখকের প্রত্যাশা, বইটি আবাসন খাতের উদ্যোক্তা, পেশাজীবী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য সহায়ক হবে। এর মাধ্যমে শিল্পের অভিজ্ঞতা ও জ্ঞান পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাবে এবং দেশের আবাসন খাতে ইতিবাচক পরিবর্তনের পথ সুগম হবে।
মূল প্রতিবেদনে যান ↗