Oplus_131072
মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ, প্রতিনিধিঃ
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের বড়হাতকোড়া গ্রামে একই রাতে দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বাড়ি থেকে ২০ লাখ ১৯ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালংকার ও ৬ ভরি রুপার গহনা লুটের অভিযোগ উঠেছে। অপর বাড়ি থেকে নগদ টাকা, একাধিক এটিএম কার্ড ও ৫৬ ইঞ্চি টেলিভিশন নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গত ১৪ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বড়হাতকোড়া গ্রামের মোঃ আকিদুল ইসলাম-এর বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি মেসার্স লিয়াকত ট্রেডার্সের মালিক।
আকিদুল ইসলাম জানান, গত দুই দিনের পাইকারি ও খুচরা বিক্রির মোট ২০ লাখ ১৯ হাজার টাকা বাড়ির আলমারিতে রাখা ছিল। প্রতিদিনের মতো ওই রাতেও পরিবারের সবাই একসঙ্গে রাতের খাবার খিচুড়ি খেয়ে ঘুমিয়ে পড়েন। আলমারিতে তালা দেওয়া ছিল না। দুর্বৃত্তরা দালানবাড়ির গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। মূল কক্ষের ছিটকিনি কীভাবে ভেঙে তারা ভেতরে ঢুকেছে, তা তিনি বুঝতে পারেননি।
তিনি আরও জানান, রাতে ঘুমিয়ে থাকায় কিছুই টের পাননি। ভোর ৪টার দিকে ঘুম থেকে উঠে ঘরের জিনিসপত্র এলোমেলো দেখতে পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করেছে বলে জানান তিনি।
একই রাতে একই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ রতন-এর বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে তাঁর বৃদ্ধা মায়ের জমানো ১৫ হাজার টাকা নিয়ে যায়। এ ছাড়া তাঁর মানিব্যাগে থাকা একাধিক এটিএম কার্ড এবং ঘরে থাকা ৫৬ ইঞ্চি টেলিভিশনও নিয়ে যায়। পরে বাড়ি থেকে কিছু দূরের একটি খোলা মাঠে টেলিভিশনটি ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় মোঃ রতন থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানান তিনি।
দুই পরিবারের সদস্যদের ধারণা, খাবারের সঙ্গে কোনো কিছু মিশিয়ে দেওয়ার পর দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে এসব ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তাঁদের ভাষ্য, সাধারণত রাতে প্রাকৃতিক প্রয়োজনে তাঁদের ঘুম ভাঙলেও ঘটনার রাতে কারও ঘুম ভাঙেনি। তবে খাবারের সঙ্গে কোনো কিছু মেশানো হয়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
একই রাতে একই গ্রামে দুটি বাড়িতে এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং লুট হওয়া মালামাল উদ্ধারে প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
