
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। গুরুতর অবস্থায় তিনজনকেই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন লালচান (৬০), তানিশা (১৬) ও নাসিমা (৫০)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকালে টঙ্গী থেকে দগ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে লালচানের শরীরের ৯৫ শতাংশ, তানিশার ৮৬ শতাংশ এবং নাসিমার ৮৫ শতাংশ পুড়ে গেছে।
চিকিৎসক আরও জানান, তিনজনের শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় তাদের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সবার শারীরিক অবস্থাই আশঙ্কাজনক।
তবে গ্যাস লিকেজ থেকে কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
The post টঙ্গীতে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ, অবস্থা আশঙ্কাজনক appeared first on অর্থসূচক.
