সংবাদ বিজ্ঞপ্তি · ২২ অক্টোবর, ২০২৬ ৭:৫৪ অপরাহ্ন
আন্তর্জাতিক বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে দুই দিনব্যাপী ‘শ্রোতা উৎসব ২০২৬’ শুরু হতে যাচ্ছে। আগামী ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) এই উৎসব অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ইতিবাচক অংশীদারিত্ব’ এবং উৎসবের প্রতিপাদ্য ‘শ্রোতা উৎসব ২০২৬: প্রেক্ষিত- আধ্যাত্মিক রাজধানী সিলেট’। উৎসব উপলক্ষে সম্প্রতি সিলেটের শাহপরান শান্তিবাগে সংগঠনের শাহপরান ইউনিটের সহসভাপতির বাসভবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল উৎসবের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল ও ভারত থেকে বেতার শ্রোতা ও গণমাধ্যমকর্মীরা অংশ নিচ্ছেন। উৎসবের প্রথম দিন শুক্রবার সকাল ৮টায় উদ্বোধনের পর বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের সকাল ৭টার মধ্যে শাহপরান এলাকা এবং সকাল ৭টা ৩০ মিনিটের মধ্যে ক্বিন ব্রিজ এলাকায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। দুই দিনের আয়োজনে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর, জাফলং, জৈন্তাপুরের শাপলাবিল ও লালাখালসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।
সভায় ২০২৩-২৬ বর্ষে ক্লাবের কার্যক্রমে সহযোগিতার স্বীকৃতি হিসেবে দুই সংবাদকর্মীকে ‘ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৩-২৬’ প্রদানের সিদ্ধান্ত হয়। তারা হলেন সিলেটের চাকরির খবরের সম্পাদক ও প্রকাশক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ এবং দৈনিক উত্তরপূর্বের সিনিয়র সাব-এডিটর ফয়জুল আহমদ।
উৎসবটি সফল করতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন সংগঠনের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম, চেয়ারম্যান দিদারুল ইকবাল, ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা ও মহাসচিব নুর মোহাম্মদ।
গুগলে আমাদের খবর পেতে
