ইরানের অবকাঠামোয় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা হামলা চালালে হরমুজ প্রণালির তলদেশে থাকা গুরুত্বপূর্ণ ইন্টারনেট ক্যাবলগুলো ধ্বংস করার হুমকি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
এর ফলে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে তাদের মিত্রদের বড় ধরনের ক্ষতি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাহিনীটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
আইআরজিসির রাজনৈতিকবিষয়ক উপকমান্ডার জেনারেল ইয়াদোল্লাহ জাভানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-আলমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের অবকাঠামোর ক্ষতি করার চেষ্টা করলে তেহরান স্বাভাবিকভাবেই তার পূর্ণ শক্তি প্রয়োগ করবে।
জাভানি আরও বলেন, ইরান সহজেই তাদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংস করতে পারে। এর মধ্যে হরমুজ প্রণালির তলদেশ দিয়ে যাওয়া সাতটি গুরুত্বপূর্ণ ইন্টারনেট কেব্লও রয়েছে। এসব কেব্ল ক্ষতিগ্রস্ত হলে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে তার মিত্রদের গুরুতর ক্ষতির মুখে পড়তে হতে পারে।
হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের পাশাপাশি আঞ্চলিক যোগাযোগব্যবস্থার জন্যও গুরুত্বপূর্ণ। এর তলদেশ দিয়ে যাওয়া সমুদ্রতলের যোগাযোগ কেব্লগুলো আন্তর্জাতিক ইন্টারনেট ও তথ্য আদান-প্রদানে ভূমিকা রাখে। ফলে এসব কেব্লে হামলা হলে আঞ্চলিক যোগাযোগব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
সূত্র: আল-জাজিরা
