গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপের ধাক্কায় অটোভ্যানে থাকা বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গেড়াখোলা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবনবেগ গ্রামের সাইফুল ইসলাম রঞ্জু ও তাঁর ছয় বছর বয়সী মেয়ে সামিরা আক্তার। তাঁরা দুজনই অটোভ্যানের যাত্রী ছিলেন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে আসা মাছবাহী একটি পিকআপ গেড়াখোলা সেতু পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা বাবা ও মেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নিহতদের মরদেহ মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমএ
