নীলফামারীর কিশোরগঞ্জে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনিয়ে নেওয়া চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর। এরআগে শুক্রবার রাতে উপজেলার মাগুড়া এলাকা থাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিঙ্গেরগাড়ী পাঠানপাড়া এলাকার মৃত পেলকা মামুদের ছেলে বাদল মিয়া (১৪) ও একই এলাকার আশোয়ার খানের ছেলে শাকিল খান (১৭)।
পুলিশ সূত্রে জানা গেল, দীর্ঘদিন ধরে একটি চক্র ইজিবাইকে যাত্রীবেশে উঠে চালককে চেতনানাশক খাইয়ে ইজিবাইক ছিনতাই করতেন। কিছুদিন আগে একটি ইজিবাইক ছিনিয়ে নেওয়ার ঘটনায় তদন্ত করতে গিয়ে তাদের সম্পৃক্ততা পাওয়া যায়। গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের মাগুড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এবিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর গফুর বলেন, তারা যাত্রীবেশে ইজিবাইকে উঠে চেতনানাশক ব্যবহার করে ইজিবাইক ছিনিয়ে নিতেন। গতকাল রাতে তাদের গ্রেপ্তার করে আজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শাহজাহান ইসলাম লেলিন/এসএইচএ
