ছবি: সংগৃহীত
-->চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চকর এক ম্যাচে ইন্টার মিলানকে ৪-৩ গোলে হারিয়ে চমক দেখিয়েছে ক্লাব ব্রুগে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ইতালির সান সিরোতে স্বাগতিকদের বিপক্ষে বেলজিয়ান ক্লাবটির জয়ে নায়ক ২২ বছর বয়সী ইতালিয়ান-জার্মান ফরোয়ার্ড নিকোলো তরেসোলদি। দলের প্রথম তিনটি গোলই করেছেন তিনি, তুলে নিয়েছেন হ্যাটট্রিক।
ম্যাচের শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলেছে ইন্টার। সাবেক ইন্টার গোলরক্ষক ইয়ান সমার এদিন ক্লাব ব্রুগের গোলপোস্ট সামলান। ম্যাচের ১০ মিনিটে লাউতারো মার্তিনেজের শট ঠেকিয়ে দেন সুইস এই গোলরক্ষক। এর আগে শুরুতেই মার্কুস থুরামের একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়।
প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পায় ক্লাব ব্রুগে। কার্লোস ফোর্বসকে ফাউল করেন ইন্টারের হাকান চালহানোগলু। পেনাল্টি পায় সফরকারীরা। ম্যাচের আধঘণ্টা পূর্ণ হওয়ার ঠিক আগে স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন তরেসোলদি।
দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর হয়ে ওঠেন এই তরুণ ফরোয়ার্ড। এক ঘণ্টা পেরোনোর পর ইন্টারের গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এরপর ম্যাচের ৭৫ মিনিটে ইন্টারের রক্ষণভাগের খেলোয়াড়দের চেয়ে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে তৃতীয় গোলটি করেন তরেসোলদি। তাতেই হ্যাটট্রিক পূর্ণ হয় তার।
ম্যাচ শেষে তরেসোলদি বলেন, ‘এটি ছিল অবিশ্বাস্য ও দুর্দান্ত একটি রাত। এমন রাতের স্বপ্ন আমি অনেকবার দেখেছি। আর এটি ছিল আমার দেখা সবচেয়ে সুন্দর স্বপ্ন।’
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান কমিয়ে ইন্টারকে ম্যাচে ফেরানোর আশা জাগান লাউতারো মার্তিনেজ। থুরামের শুরু করা আক্রমণের পর ফেদেরিকো দিমার্কোর ব্যাকহিল পাস থেকে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধে ৩-১ গোলে পিছিয়ে পড়ার পরও লড়াই চালিয়ে যায় ইন্টার। ৮১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-২ করেন মার্তিনেজ। তাতে সান সিরোর দর্শকদের মধ্যে ঘুরে দাঁড়ানোর আশা জাগে।
তবে চার মিনিটের ব্যবধানে আবারও ইন্টারের রক্ষণভাগের দুর্বলতা প্রকাশ পায়। ৮৭ মিনিটে গোল করে ক্লাব ব্রুগের হয়ে ব্যবধান ৪-২ করেন রোমিও ভারনান্ত।
এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে অ্যাঞ্জে-ইয়োয়ান বনি গোল করে ব্যবধান কমান। কিন্তু ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে স্বাগতিকেরা। শেষ পর্যন্ত ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্লাব ব্রুগে।
ইউরোপীয় প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদের মাঠে ২-১ গোলে হেরেছিল ইন্টার। এবার ঘরের মাঠেও হারল ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ফলে চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচ শেষে কোনো পয়েন্ট পায়নি দলটি। সিরি আ লিগের শীর্ষে থাকা ইন্টারকে আগামী সপ্তাহে ঘরের মাঠে শাখতার দোনেৎস্কের বিপক্ষে টুর্নামেন্টের পরের ম্যাচ খেলতে নামবে।
অন্যদিকে, প্রথম ম্যাচে ঘরের মাঠে অ্যাস্টন ভিলার কাছে ৩-২ গোলে হেরেছিল ক্লাব ব্রুগে। ইন্টারকে হারিয়ে ঘুরে দাঁড়ানো বেলজিয়ান দলটির পরের প্রতিপক্ষ ফরাসি ক্লাব লেন্স।
অনিক/
