ফেনীর ছাগলনাইয়ায় আবদুল হক নামে এক অটোরিকশাচালককে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুল হক উপজেলার মাটিয়াগোদা গ্রামের বাসিন্দা।
পুলিশের সন্দেহ, যাত্রীবেশে অটোরিকশায় ওঠা দুর্বৃত্তরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
নিহত অটোচালক আবদুল হকের স্ত্রী জানান, তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার সঙ্গে কারও শত্রুতা ছিল না। ঋণ করে অটোরিকশাটি ক্রয় করে কোনোমতে পরিবার চালাচ্ছিলেন তিনি। গতকাল রাতে ছিনতাইকারীরা তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে যায়। তিনি প্রশাসনের কাছে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু তাহের জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
