চাঁদপুরের মতলব উত্তরে একটি বিল থেকে কম্বল মোড়ানো বস্তাভর্তি অবস্থায় অজ্ঞাত এক মধ্যবয়সী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকুন্দি এলাকার পূর্ব চরমুকুন্দি জোর ব্রিজ সংলগ্ন বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চরমুকুন্দি গ্রামের শেষ প্রান্তে মরহুম মোশাররফ হোসেন টেনুর বাড়ির পশ্চিম পাশের জমিতে কৃষকেরা কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে কম্বল মোড়ানো বস্তাসদৃশ একটি বস্তু দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে বিলে ফেলে রাখা হতে পারে। তবে হত্যাকাণ্ডের মূল কারণ কিংবা এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণসহ তদন্ত অব্যাহত রয়েছে।
সংশ্লিষ্ট সংবাদ: মরদেহ উদ্ধার
১২ অক্টোবর ২০২৬
০২ অক্টোবর ২০২৬
০১ অক্টোবর ২০২৬
