ঢাকা,১৪ অক্টোবর- সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় যোগ দেন তিনি।
এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সালাহউদ্দিন আহমেদ বিএনপির আন্দোলন-সংগ্রামের একজন লড়াকু সৈনিক ও সাহসী নেতা ছিলেন। দলের দুঃসময়ে তিনি সাহস, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন। তাঁর রাজনৈতিক জীবন ও দলের জন্য করা কাজ বিএনপির নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
দেশ ও দলের প্রতি সালাহউদ্দিন আহমেদের অবদান বিএনপি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির এই ত্যাগী নেতার মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারাল, যা দলের জন্য অপূরণীয় ক্ষতি।’
প্রধানমন্ত্রী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য পান, সে জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপির এই কেন্দ্রীয় নেতা।
রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার এই প্রভাবশালী নেতা ঢাকা-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯১ সালে পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে ষষ্ঠ এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি তিনি বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এস এম/ ১৪ অক্টোবর ২০২৬
