প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারপ্রধান হিসেবে প্রথমবারের মতো রাজশাহী সফরে আসছেন। তাঁর এই আগমনকে কেন্দ্র করে রাজশাহী মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ নগরবাসীর মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় (ঐতিহাসিক মাদ্রাসা মাঠ) প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাসিক প্রশাসক বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনের উদ্দেশ্যে রাজশাহীতে আসছেন। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, নগরবাসী তাঁদের প্রিয় নেতাকে স্বচক্ষে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
রাজশাহীর সার্বিক উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি উল্লেখ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরীতে নাগরিক সেবা নিশ্চিত ও অবকাঠামোগত উন্নয়ন কাজ নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়া হচ্ছে। বর্তমান গণমুখী সরকার নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে বিমান চত্বর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণ, কুমারপাড়া থেকে বরেন্দ্র জাদুঘর হয়ে ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক সম্প্রসারণ, ৩০টি ওয়ার্ডে খেলার মাঠ ও ফুটসাল গ্রাউন্ড নির্মাণ এবং প্রবীণ নাগরিকদের জন্য পার্ক নির্মাণসহ একাধিক মেগা প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে।
পরিদর্শনকালে মঞ্চ নির্মাণ ও নিরাপত্তার সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত এবং রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
এর আগে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান এবং রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
জেএইচআর
