দুই দিন এলপিজি বিক্রি বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করেছেন ব্যবসায়ীরা। বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি।
সমিতির সভাপতি সেলিম খান জানান, ব্যবসায়ীদের দাবিগুলো নিয়ে আগামী ২৯ অক্টোবর সকালে বিইআরসিতে গণশুনানি অনুষ্ঠিত হবে। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতেই ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বুধবার সকালে এলপিজি আমদানিকারকদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ওই বৈঠক থেকে জানানো হয়, জনগণকে জিম্মি করে এলপিজি সরবরাহ ও বিক্রি বন্ধ রাখা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ব্যবসায়ী সমিতি। গত ১২ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
কমিশন বাড়ানো, গ্যাসের সরবরাহ নিশ্চিত করা এবং প্রশাসনিক হয়রানি বন্ধসহ সাত দফা দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছিলেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, এলপিজি ব্যবসার বিভিন্ন সমস্যা, মূল্য নির্ধারণ ও বাজারজাতকরণ নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চলছে। এসব দাবি নিয়ে আলোচনার আশ্বাস পাওয়ায় আপাতত কর্মসূচি থেকে সরে এসেছেন তারা।
