

নেত্রকোনা সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক এমপি।
নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের হলরুমে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার ইউ এন ও মনিজা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা ২ সদর বারহাট্টা আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবুল খায়ের, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান মিলকি প্রমূখ।
সভায় প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক এমপি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নানান দিকনির্দেশনা প্রদান করেন।
চুনারুঘাটে অনুমতি ছাড়া বাণিজ্য মেলা, ৫ জনের ৭ দিনের কারাদণ্ড
চুনারুঘাট সরকারি কলেজের সামনে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাণিজ্য মেলা পরিচালনার দায়ে পাঁচজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন। এ সময় মেলার জন্য নির্মিত বিভিন্ন গেট ও দোকানের কাঠামোও অপসারণ করা হয়। উল্লেখ্য, এর আগে সরকারি আদেশ অমান্য করে মেলা পরিচালনা না করার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছিল। আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও মেলার কার্যক্রম অব্যাহত রাখায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় চুনারুঘাট থানা পুলিশ, আনসার সদস্য ও চুনারুঘাট পৌরসভা সার্বিক সহযোগিতা করে। এদিকে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের স্থানীয় বাণিজ্য মেলা পরিচালনা না করতে চুনারুঘাট উপজেলাবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

‘আল্লাহ আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে কষ্টে আছি’ সেই নূরজাহান আর নেই
‘আল্লাহ, আমাকে খাবার দাও, আমার স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’—এমন আকুতি জানানো ৮০ বছর বয়সী সাজু শেখের স্ত্রী নূরজাহান বেগম (৭৫) আর নেই। দীর্ঘদিন অসুস্থ হয়ে শয্যাশায়ী থাকার পর রোববার (১৮ অক্টোবর) শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়া গ্রামে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। বিকেল ৫টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মিয়া নূরজাহান বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বিছানায় ছিলেন নূরজাহান। রোববার তিনি মারা যান। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায় নূরজাহানের। এরপর থেকেই চলাফেরার সক্ষমতা হারিয়ে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। কিন্তু অভাবের সংসারে প্রয়োজনীয় চিকিৎসা করানোর সামর্থ্য ছিল না পরিবারের। অসুস্থ স্ত্রীর সেবা-যত্ন করতে গিয়ে নিজেও চরম দুর্ভোগে পড়েন বৃদ্ধ সাজু শেখ। খাবার, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের খরচ জোগাড় করতে প্রতিনিয়ত হিমশিম খেতে হতো এই দম্পতিকে। জীবনের শেষ সময়ে স্ত্রীর চিকিৎসা ও ভরণপোষণের ব্যবস্থা করতে না পারার অসহায়ত্বে দিন কাটছিল সাজু শেখের। স্ত্রীর মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার আকুতি জানিয়ে সাজু শেখের সেই হৃদয়স্পর্শী কথাগুলো ছিল তাঁর অসহায় জীবনেরই প্রতিচ্ছবি। এবার সেই জীবনসঙ্গীকেও হারালেন তিনি। নূরজাহান বেগমের মৃত্যুতে তাঁদের দীর্ঘদিনের দুঃখ-কষ্টের জীবনে নেমে এসেছে নতুন শোক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের জন্য আকুতি জানাতে দেখা যায় সাজু শেখকে। তার অসহায়ত্বের সেই দৃশ্য ছুঁয়ে যায় দেশজুড়ে অসংখ্য মানুষের হৃদয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ব্যক্তি, সামাজিক সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে তাদের খোঁজ নেওয়া হয়। পৌঁছে দেওয়া হয় মানবিক সহায়তাও। সাজু শেখ ও নূরজাহান বেগমের দাম্পত্য জীবনের বয়স প্রায় ৬৫ বছর। দীর্ঘ এই সময়ে অভাব-অনটন, অসুস্থতা ও নানা প্রতিকূলতার মধ্যেও একসঙ্গে জীবন কাটিয়েছেন তারা। বয়সের ভারে নুয়ে পড়া সাজু শেখ নিজেও অসুস্থ। এর মধ্যেও শয্যাশায়ী স্ত্রীকে আগলে রেখেছিলেন তিনি। স্থানীয়রা জানায়, এই দম্পতির তিন কন্যা ও তিন পুত্র সন্তান রয়েছে। তাদের সন্তানরাও দারিদ্র্যের সঙ্গে লড়াই করে জীবনযাপন করছেন। সাজু শেখের ছেলে নূর ইসলাম দিনমজুরি ও ঠেলাগাড়ি চালিয়ে সাধ্যমতো মা-বাবার ভরণপোষণ করতেন। কিন্তু নিজের সংসারের ব্যয় মেটাতে হিমশিম খেতে হওয়ায় বৃদ্ধ মা-বাবার চিকিৎসা ও ভরণপোষণের সব দায়িত্ব পালন করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন ব্যক্তি, সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে দম্পতির খোঁজখবর নেওয়া হয় এবং সহায়তা দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত মারা গেলেন দীর্ঘদিন ধরে শয্যাশায়ী নূরজাহান বেগম। দীর্ঘ ৬৫ বছরের জীবনসঙ্গীকে হারিয়ে এখন একা হয়ে পড়লেন বৃদ্ধ সাজু শেখ। যে স্ত্রীকে নিয়ে কষ্টের কথা জানিয়ে খাবারের জন্য আকুতি জানিয়েছিলেন তিনি, সেই স্ত্রী আর নেই। দারিদ্র্য ও অসুস্থতার সঙ্গে লড়াই করে একসঙ্গে কাটানো তাদের দীর্ঘ জীবনের অবসান ঘটল নূরজাহান বেগমের মৃত্যুর মধ্য দিয়ে। জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, আমরা সংবাদ পেয়ে বৃদ্ধ এই দম্পতিকে সদর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করি। একইসঙ্গে তাদের জন্য থাকার একটি ঘরের কাজ প্রায় শেষ পর্যায়ে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন পরিবারটিকে সহযোগিতা করেছে। বৃদ্ধা নূরজাহান বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করছি।

গাইবান্ধায় কুমারী পুজা অনুষ্ঠিত
শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে গাইবান্ধায় শহরের শচীন চাকী সড়কের শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম চত্বরে সোমবার কুমারী পূজা অনুষ্ঠিত হয়। শঙ্খ, উলুধ্বনি আর ঢাকের তালে আনন্দে মেতে ওঠে সকলে। আরাধনা করা হয় দেবী দুর্গার। হয় সন্ধি পূজা। এ উপলক্ষে রামকৃষ্ণ আশ্রম চত্বরে ধর্মপ্রাণ নারী-পুরুষের পদচারণায় মুখর হয়ে উঠে। অন্যান্য ধর্মালম্বী মানুষও কুমারী পূজা দেখতে মন্দির প্রাঙ্গনে ভীড় জমায়। বেলা সাড়ে ১০টায় কুমারী পুজার আনুষ্ঠানিকতা শুরু হয়। শহরের মাস্টারপাড়ার বাসিন্দা পীযুষ ভট্টাচার্য পলাশ ও অনামিকার মেয়ে শ্রীমতি প্রগতি ভট্টাচার্য (৬) কে নতুন বস্ত্রে দেবী সাজে সজ্জিত করে দেবী জ্ঞানে পুজা অর্ঘ্য নিবেদন করা হয় শ্রী রামকৃষ্ণ আশ্রমে। প্রগতি স্থানীয় মেরিট কেয়ার স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। পূজা চলাকালে মুহুর্মুহু উলু ও শঙ্খধ্বনী বেজে উঠে। পুজা অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

শান্তিগঞ্জে ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলার সদপুর ব্রিজের খালে, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে ও শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মোট ১৬২ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, শান্তিগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আহসান হাবিব, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, শান্তিগঞ্জ হ্যাচারি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, বিএনপি নেতা আওলাদ হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার ও দপ্তর সম্পাদক জামিউল ইসলাম তুরানসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। উল্লেখ্য, মৎস্যসম্পদ বৃদ্ধি, দেশীয় মাছের উৎপাদন বাড়ানো এবং জলাশয়ে মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের পোনা অবমুক্তকরণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের পাশে মাটি উত্তোলন, ভেড়ামারায় প্রশাসনের অভিযান
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় প্রতিনিয়িত অবৈধভাবে মাটি উত্তোলন অব্যাহত রয়েছে। রোববার সন্ধ্যার সময় উপজেলার মোকারিমপুর ইউনিয়নে ররামকৃষ্ণপুর এলাকায় অবস্থিত বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ১জন কে অর্থদণ্ড ও পাওয়ার ট্রলি আটক করেছে। ভেড়ামারা থানা ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর এলাকায় অবস্থিত পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর আওতাধীন অত্যন্ত স্পর্শকাতর ও কেপিআইভুক্ত স্থাপনা বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ পাওয়া যায়। বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র এর নিকটবর্তী সরকারি মালিকানাধীন উন্মুক্ত স্থান (সঞ্চালন অবকাঠামো/লাইন এর নিম্নবর্তী) থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে উপজেলার মোকারিমপুর ইউনিয়নের নতুন হাট এলাকার রেজাউল হকের ছেলে সজিব ইসলাম (২৮) কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও পাওয়ার ট্রলি আটক করেছে। ভেড়ামারা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার বলেন, অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধের জন্য অভিযান অব্যাহত রয়েছে।পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর আওতাধীন অত্যন্ত স্পর্শকাতর ও কেপিআইভুক্ত স্থাপনা বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্র সংলগ্ন এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ইতিপূর্বে ২ জন কে আটক করা হয়েছে। আটকদের কে জেল ও জরিমানা করা হয়েছে।


