Published on
:
1 min read
রিষড়া স্টেশনে আপ দুন এক্সপ্রেসে আগুন আতঙ্ক। শনিবার রাতে রিষড়া স্টেশনে ট্রেন ঢোকার সময়ে এই ঘটনা ঘটে।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৩০০৯ আপ দুন এক্সপ্রেসের সামনের দিকে থাকা জেনারেল কোচের নীচে ব্রেক সু-তে আগুন লাগে। রাত সাড়ে ন’টা নাগাদ এই ঘটনা ঘটে। স্টেশনে ট্রেন ঢোকার সময় ওই কোচের নীচে ধোঁয়া দেখা যায়। চালক রিষড়া স্টেশনে ট্রেন থামিয়ে দেয়। ধোঁয়ায় ভরে যায় স্টেশন চত্বর।
ধোঁয়া দেখে আতঙ্ক:
যাত্রীরা আতঙ্কে ট্রেন থেকে হুড়মুড়িয়ে নামতে থাকেন। স্টেশন ও ট্রেনে থাকা অগ্নিনির্বাপন যন্ত্রের সাহায্যে আগুন নেভানো হয়। রিষড়া ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়, ঘটনাস্থলে আসে একটি ইঞ্জিন। যদিও তার আগেই আগুন নিভিয়ে ফেলেন ট্রেনের কর্মীরা। প্রায় ২০ মিনিট পরে ট্রেনটি রিষড়া স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, ব্রেক বাইন্ডিং থেকে আগুনের ফুলকি দেখা যায়। তড়িঘড়ি সেটাকে কন্ট্রোল করা হয়। সাড়ে ন’টা নাগাদ ঘটনাটি ঘটে। কুড়ি মিনিট পরে ট্রেনটি আবার রওনা দেয়। ব্রেক প্যাডের সঙ্গে চাকার ঘর্ষণের জেরে আগুনের ফুলকি বেরোয় বলে জানিয়েছেন তিনি। ব্রেক বাইন্ডিং-এর সমস্যার কারণেই এই ঘটনা হয়েছে। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন শিবরাম মাঝি।