আবার ব্যর্থ ভারতের দুই টেস্ট ওপেনার। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে চিন্তা বাড়াচ্ছেন যশস্বী জয়সবাল এবং লোকেশ রাহুল। নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে প্রথম বেসরকারি টেস্টের দ্বিতীয় ইনিংসেও রান পেলেন না তাঁরা। তার চেয়েও গুরুত্বপূর্ণ, হিট উইকেট হয়ে আউট হলেন রাহুল।
টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের নিয়মিত ওপেনার যশস্বী এবং রাহুল। নিউ জ়িল্যান্ডের পিচ এবং আবহওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তাঁদের ‘এ’ দলের সঙ্গে পাঠানো হয়েছে। কিন্তু নিউ জ়িল্যান্ডের দ্বিতীয় সারির বোলিং আক্রমণের বিরুদ্ধে যশস্বী এবং রাহুলের বেহাল দশায় উদ্বেগ বাড়ছে। প্রথম ইনিংসে যশস্বী করেন ১৭। রাহুল ০। দ্বিতীয় ইনিংসে যশস্বী করলেন ৫ আর রাহুল ৪। দ্বিতীয় ইনিংসে দুই ওপেনার মিলিয়ে খেললেন ২৪ বল। তাঁদের ব্যর্থতায় ১০ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ধ্রুব জুরেলের দল।
যশস্বী আউট হয়েছেন সাইমন কিনের সুইংয়ে পরাস্ত হয়ে। উইকেটরক্ষক মিচেল হের হাতে ক্যাচ দেন তিনি। রাহুলের পরিস্থিতি আরও খারাপ। তিনি ফ্রেজার শিটের বলে হিট উইকেট হয়েছেন। এর থেকেই পরিষ্কার, উইকেটের অবস্থান সম্পর্কে রাহুল সঠিক ধারণা করতে পারেননি। লাল বলের ক্রিকেটে এক জন ওপেনিং ব্যাটারের হিট উইকেট হওয়া উদ্বেগজনক হিসেবেই বিবেচিত হয়। ফ্রেজারের গতি সামলানোর জন্য কিছুটা ভিতরে ঢুকে স্টান্স নেন রাহুল। অফ স্টাম্পের বাইরের বলে শট নিতে গিয়ে ব্যাট দিয়ে উইকেটের উপরে থাকা বেল ফেলে দেন।
প্রথমে মনে হয়েছিল, রাহুল বোল্ড হয়েছেন। পরে দেখা যায় বল উইকেটে লাগেনি। রাহুলের ব্যাটেই উইকেট ভেঙে গিয়েছে। প্রথম ইনিংসে ০ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে এ ভাবে আউট হয়ে ভারতীয় দলের উদ্বেগ বাড়ালেন তিনি। নিউ জ়িল্যান্ডে যাওয়ার আগে কর্নাটকের হয়ে রঞ্জি ম্যাচেও ব্যর্থ হয়েছিলেন রাহুল। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে দু’ইনিংসে করেন যথাক্রমে ৪ এবং ১ রান। অন্য দিকে, চণ্ডীগড়ের বিরুদ্ধে রঞ্জি ট্রফির ম্যাচে মুম্বইয়ের হয়ে ০ রানে আউট হয়েছিলেন যশস্বী।
নিউ জ়িল্যান্ড ‘এ’ দলের বিরুদ্ধে চাপে রয়েছে ভারত ‘এ’ দলও। প্রথম ইনিংসে জুরেলদের ইনিংস শেষ হয় ১১৩ রানে। এর পর নিউ জ়িল্যান্ড ‘এ’ দল করে ৩১৭ রান। রবিবারের খেলা শেষ হওয়ার সময় ভারতের দ্বিতীয় ইনিংসের রান ২ উইকেটে ১০৬। দেবদত্ত পডিক্কল ৫৬ এবং সাই সুদর্শন ৩৯ রানে অপরাজিত রয়েছেন। এখনও ৯৮ রানে পিছিয়ে রয়েছেন জুরেলরা।
