বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানা সৌদি আরবে দুইজন বাংলাদেশি নরনারীর মৃত্যুদণ্ড কার্যকরের সংবাদে তীব্র ক্ষোভ প্রকাশ করে এ ঘটনার প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকারের অবস্থানকে ‘চূড়ান্ত নতজানু ও অমর্যাদাকর’ বলে অভিহিত করেছেন।
মাসুদ রানা রোববার (১৮ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বলেন, “সৌদি আরব সম্প্রতি দুইজন বাংলাদেশি নরনারীকে মসজিদে কথিত ‘অনৈতিক কাজ’ এর অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত বিবৃতিতে ‘অনৈতিক কর্মকাণ্ড’ এর কোনো ব্যাখ্যা নেই।”
তিনি বলেন, ‘দুই বাংলাদেশি আদৌ কোনো নিরপেক্ষ আইনি সুরক্ষা, আইনজীবী নিয়োগ কিংবা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছেন কিনা, কবে গ্রেপ্তার করা হয়েছিল বা তারা কতদিন ধরে আইনি হেফাজতে ছিলেন, তার কোনো কিছুই স্পষ্ট করেনি। এমনকি আন্তর্জাতিক কূটনৈতিক প্রটোকলকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এ দুই বাংলাদেশিকে গ্রেপ্তার, তাদের বিচার প্রক্রিয়া ও মৃত্যুদণ্ড কার্যকরের পূর্বে বা পরে বাংলাদেশ সরকার বা ওই নাগরিকদের পরিবারকে সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। এটি ১৯৬৩ সালের কনস্যুলার সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশনের স্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক প্রটোকল নিশ্চিত করতে ব্যর্থতার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ হতে সৌদি সরকারের নিকট কোনও কড়া কূটনৈতিক প্রতিবাদ বা নিন্দা জানানো ছিল ন্যূনতম দায়িত্ব। অথচ বাংলাদেশ সরকার এখন পর্যন্ত সেরকম কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।’
