জীবিকার তাগিদে গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমিয়েছিলেন। স্বপ্ন ছিল,পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটাবেন। একটু ভালো রাখবেন প্রিয়জনদের।
কিন্তু সেই জীবিকার সন্ধানেই গাজীপুরের টঙ্গীতে গিয়ে প্রাণ হারালেন ময়মনসিংহের ফুলপুরের একই পরিবারের দুই সদস্য। গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লাল চান মিয়া ও তার স্ত্রী নাসিমা খাতুন।
নিহতরা হলেন- ফুলপুর উপজেলার রূপসি ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের বাসিন্দা লালচান মিয়া (৬০) ও তার স্ত্রী নাসিমা খাতুন (৫০)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে তাদের শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পুড়ে যায়, শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়েছিল। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন স্বামী-স্ত্রী।
এদিকে তাদের মেয়ে তানিশা আক্তার (১৬) বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।
নিহতের ভাগিনা সাদিকুল বলেন, ‘আমার মামা পরিবার নিয়ে গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকার মুদাফা মাস্টারপাড়ায় ফখরুল ইসলামের বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন।’
তিনি বলেন, ‘বুধবার (২১ অক্টোবর) ভোরে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে আগুনে দগ্ধ হন লাল চান, তার স্ত্রী নাসিমা ও মেয়ে তানিশা। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সকালে দুজনের মৃত্যু হয়েছে।’
