ওয়াশিংটন ডিসির একটি সরকারি গলফ কোর্স থেকে ৪৩০টির বেশি গাছ কেটে ফেলার ঘটনায় ট্রাম্প প্রশাসনের ওপর প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন এক মার্কিন ফেডারেল বিচারক। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই গলফ কোর্সটি সংস্কার করতে চান। সপ্তাহান্তে তড়িঘড়ি করে শত শত গাছ কাটার পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে ইউএস ডিস্ট্রিক্ট জজ আনা রেয়েস মঙ্গলবার বিকেল পর্যন্ত গাছ কাটার ওপর সাময়িক স্থগিতাদেশ জারি করেছেন। ইস্ট পোটোম্যাক গলফ কোর্সটি নতুন করে সাজানোর ট্রাম্পের এই পরিকল্পনার বিরুদ্ধে দায়ের হওয়া একটি আইনি মামলার শুনানি করছেন বিচারক আনা রেয়েস। সোমবার এক জরুরি শুনানিতে তিনি বলেন, আদালতের কোনো লিখিত আদেশ না থাকলে প্রশাসন আরও শত শত গাছ কেটে ফেলবে বলে তার আশঙ্কা হয়েছিল। এ খবর প্রকাশ করেছে সিএনএন ।
ওয়াশিংটন ডিসিতে ডনাল্ড ট্রাম্প যেসব সংস্কার প্রকল্পের উদ্যোগ নিয়েছেন, এটি তার অন্যতম। এই সরকারি গলফ কোর্সটিকে একটি পেশাদার গলফ কোর্সে রূপান্তর করতে প্রশাসনের ব্যয় হতে পারে ২ কোটি থেকে প্রায় ৪ কোটি ৯০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪০ কোটি থেকে ৫৮৮ কোটি টাকা)। তবে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত ও সাশ্রয়ী একটি জায়গা হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কায় স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রথমে দাবি করেছিল যে, গাছ কাটা নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ এবং এর সঙ্গে ট্রাম্পের সংস্কার বা নকশা পরিবর্তনের কোনো সম্পর্ক নেই। তবে শনিবার সকাল থেকেই শ্রমিকরা সেখানে গাছ কাটা শুরু করে। শুনানি শেষে বিচারক রেয়েস প্রশাসনের কর্মকর্তাদের ‘দ্বিমুখী কথার’ কঠোর সমালোচনা করেন। তিনি মামলাটি চলাকালীন গলফ কোর্সে গাছ কাটা বা যেকোনো পদক্ষেপ নেয়ার অন্তত ৭২ ঘণ্টা আগে আদালতকে অবহিত করার নির্দেশ দেন।
