নোয়াখালীর সুবর্ণচরে পুকুরের পানিতে গোসলে নেমে স্বর্ণা রানী দাস (৭) ও রূপা রানী দাস (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা আপন বোন।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মসজিদ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে বসতবাড়ির পাশের পুকুরে একসঙ্গে গোসল করতে নামে ওই দুই শিশু। একপর্যায়ে তারা পানিতে ডুবে তলিয়ে যায়। পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে দুজনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে স্বর্ণা রানী দাস চর আমানুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই শিশু কন্যার এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, এ ঘটনায় চরজব্বার থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশু দুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
