Published on
:
1 min read
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় তদন্ত আরও জোরদার করল মুম্বই পুলিশ। হরিয়ানা থেকে গ্রেপ্তার হওয়া তিন অভিযুক্তকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। ১৮ অক্টোবর মুম্বইয়ের জুহু এলাকায় অভিনেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ঘটনার নেপথ্যে কারা রয়েছে, কী ভাবে অস্ত্র জোগাড় করা হয়েছিল এবং অভিযুক্তদের মধ্যে যোগাযোগের সূত্র কী, এই সমস্ত বিষয় খতিয়ে দেখতেই জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিনজনের নাম অঙ্কিত খাতার, সমীর খাতরি এবং যতীন পাঞ্চাল। ২১ অক্টোবর হরিয়ানার সোনিপত থেকে তাঁদের গ্রেফতার করা হয়। পরে ট্রানজিট রিমান্ডে তাঁদের মুম্বইয়ে নিয়ে আসা হয় এবং আদালতে পেশ করা হয়। তদন্তকারীদের অভিযোগ, টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনার পরিকল্পনা ও তা কার্যকর করার বিভিন্ন পর্যায়ে তাঁদের ভূমিকা ছিল। তবে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও তদন্তাধীন।
পুলিশের দাবি, অভিযুক্তদের মধ্যে কেউ ঘটনার আগে এলাকায় নজরদারি চালিয়েছিলেন, কেউ আবার অস্ত্র জোগাড় এবং অর্থ লেনদেনের মতো বিষয়ে যুক্ত ছিলেন। তদন্তকারীরা মনে করছেন, এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করলে হামলার পরিকল্পনা, অস্ত্রের উৎস এবং ঘটনায় জড়িত অন্যদের সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে।
