পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড ঘোষণা

প্রভাত স্পোর্টস: পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার আগেই টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজে ১৫ জনের দলকে নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস।
ইনজুরি সত্ত্বেও দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ ব্যাটার পাথুম নিসাঙ্কা। প্রথম টেস্টের আগে তিনি ফিট ঘোষিত হলে জাতীয় দলের সঙ্গে যাবেন। গত মাসে সীমিত ওভারের ইংল্যান্ড সফরে হ্যামস্ট্রিংয়ে চোট পান নিসাঙ্কা। এখন তিনি সুস্থ হওয়ার লড়াই করছেন।
প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন তরুণ উইকেটকিপার ব্যাটার আনজালা বান্দারা। ২২ বছর বয়সী এই ক্রিকেটার শ্রীলঙ্কা ইমার্জিং দলের হয়ে দারুণ পারফরম্যান্স করে এই স্কোয়াডে জায়গা করে নিলেন। প্রথম শ্রেণিতে তার চমৎকার রেকর্ড। ৩০ ম্যাচে ৬৭.১৮ গড় ও ৫৫.৫৪ স্ট্রাইক রেটে ২২১৭ রান তার। রয়েছে সাত সেঞ্চুরি এবং সর্বোচ্চ অপরাজিত ২০০।
পেস আক্রমণে লাহিরু কুমারা, মিলান রত্নায়েকে ও ইশান মালিঙ্গার সঙ্গে তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন দিলশান মাদুশাঙ্কা। শ্রীলঙ্কার হয়ে নিয়মিত সাদা বলের ক্রিকেট খেললেও প্রথমবার টেস্ট খেলার জন্য ডাক পেয়েছেন মালিঙ্গা। ২২ বছর বয়সী পেসার ১৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৪ উইকেট নিয়েছেন। ৯ নভেম্বর থেকে দুটি টেস্ট খেলতে পাকিস্তানের যাবে এশিয়ান দলটি। রাওয়ালপিন্ডি ও লাহোরে হবে দুই ম্যাচ।
শ্রীলঙ্কা স্কোয়াড: কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, পাসিন্দু সুরিয়াবান্দারা, দিনেশ চান্ডিমাল, কামিন্দু মেন্ডিস, সোনাল দিনুশা, ধনঞ্জয়া ডি সিলভা, আনজালা বান্দারা, কেশারা নুয়ান্থা, প্রবাথ জয়াসুরিয়া, মিলান রত্নায়েক, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্ডো, দিলশান মাদুশাঙ্কা ও ইশান মালিঙ্গা।
More News Of This Category

