বরিশালের আগৈলঝাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী শিশুদের একযোগে শতকণ্ঠে গীতাপাঠ ও শারদীয় উপহার হিসেবে নতুন পোশাক প্রদান করা হয়েছে।
শারদীয় দুর্গাপূজার প্রথম দিন শুক্রবার বিকেলে কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে 'সুদর্শন চক্র ফাউন্ডেশন'-এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংস্থাতির আহ্বায়ক বাপ্পি হালদারের সভাপতিত্বে সনাতন ধর্মাবলম্বী শিশুদের শতকণ্ঠে গীতাপাঠ শেষে উপজেলার বিভিন্ন গ্রামের ১০টি গুরুকুল স্কুলের শতাধিক শিশু শিক্ষার্থীর মাঝে বস্ত্র (ছেলেদের শার্ট-প্যান্ট ও মেয়েদের টু-পিস) বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পতিহার গ্রামের গুরুকুল স্কুলের শিক্ষক স্বপন সরকারের পরিচালনায় শতাধিক শিশু শিক্ষার্থী একসাথে শতকণ্ঠে গীতাপাঠ করে।
আয়োজকরা জানান, সুদর্শন চক্র ফাউন্ডেশন গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামে গুরুকুল স্কুল পরিচালনা করে আসছে। এখানে ৫ থেকে ১০ বছর বয়সী শিশুদের সনাতন ধর্মীয় মৌলিক শিক্ষা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে দেশের অন্যান্য উপজেলার গ্রামেও গুরুকুল স্কুল প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে তাঁদের।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য সচিব দীনেশ চন্দ্র হালদার, শশিকর কলেজের সহকারী অধ্যাপক জ্যোতির্ময় বৈরাগী, বাকাল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সুরজিত পান্ডে বাপ্পি, অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন বালা, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পলাশ হালদার, কোদালধোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রীতা হালদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অনিমেষ হালদার, স্থানীয় সমাজসেবক জুয়েল দাস এবং সুদর্শন চক্র ফাউন্ডেশনের শিক্ষা সেলের প্রধান পংকজ হালদারসহ অনেকে। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন স্থানীয় যুবক সুদীপ্ত সরকার উন্নয়ন।
অনুষ্ঠানে পাকুরিতা, কোদালধোয়া, সরবাড়ি, পতিহার, আমবাড়ি, পশ্চিম বাগধা, রামানন্দের আঁক, বাহাদুরপুর, সোমাইরপাড় ও পশ্চিম গোয়াইলসহ ১০টি গ্রামের গুরুকুল স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় সুধীজনেরা উপস্থিত ছিলেন।
জেএইচআর
