কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সম্রাট লালন সাঁইয়ের আখড়াবাড়ির আঙিনা থেকে বোমাসদৃশ বস্তু ও পেট্রল উদ্ধার করেছে পুলিশ। লালনের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী স্মরণোৎসবের রাতে এসব বস্তু উদ্ধার করা হয়। সোমবার পুলিশের বিশেষ দল সেগুলো নিষ্ক্রিয় করে। আখড়াবাড়ির প্রবেশপথের পুলিশ বক্স থেকে প্রায় ১০ হাত দূরে নারিকেলগাছের গোড়ায় ব্যাগ ভর্তি এসব বস্তু পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করে ওসি জামাল উদ্দিন জানান, উদ্ধার করা পেট্রল বোমাসদৃশ বস্তুসহ দুই লিটার পেট্রল ও ইলেকট্রনিক সার্কিট ছিল। সকালে পুলিশের বিশেষ দল সেগুলো নিষ্ক্রিয় করে। পুলিশের ধারণা, স্মরণোৎসব ঘিরে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব বস্তু রেখে গেছে।