নড়াইলে ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪১ এএম
ছবি: খবরের কাগজ
-->নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত ও নদীর মৎস্যসম্পদ রক্ষায় অভিযান চালিয়ে ছয় হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উদ্ধার করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার নবগঙ্গা নদীর বিভিন্ন এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন বড়দিয়া নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা।
আরও পড়ুন
মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন মৌসুমে নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধ এবং মাছের প্রজনন পরিবেশ সুরক্ষিত রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে নবগঙ্গা নদীর বিভিন্ন স্থান থেকে আটটি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জাল গুলোর মোট দৈর্ঘ্য আনুমানিক ছয় হাজার মিটার।
নড়াইল জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন,কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম এবং উপজেলা মৎস্য কর্মকর্তা চয়ন বিশ্বাস নবগঙ্গা নদীতে অভিযান চালিয়ে আটটি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।
তিনি আরও বলেন, ‘মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকার নির্ধারিত নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। অবৈধ কারেন্ট জালের ব্যবহার শুধু মা ইলিশের জন্যই নয়, নদীর অন্যান্য প্রজাতির মাছের প্রজনন ও বংশ বিস্তারের ক্ষেত্রেও মারাত্মক ক্ষতিকর। নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এ কার্যক্রম সফল করতে জেলেসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।’
এস এম শরিফুল ইসলাম/তামান্না রুপা
আরও পড়ুন
হবিগঞ্জে শেয়ালের কামড়ে নারী-পুরুষসহ আহত ২৭
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৯ এএম
ছবি: এআই
-->হবিগঞ্জের লাখাইয়ে হঠাৎ লোকালয়ে ঢুকে একটি শেয়ালের অতর্কিত হামলায় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ২৭ জন আহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের সাতাউক, লকনাউক ও সানাবই এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে হঠাৎ একটি শেয়াল লোকালয়ে ঢুকে পড়ে। এরপর পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ওপর একের পর এক হামলা চালিয়ে কামড় দিতে থাকে। এতে মুহূর্তের মধ্যে কয়েকটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আরও পড়ুন
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ৮ জন নারী, ১৮ জন পুরুষ ও একজন কিশোর রয়েছেন। রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শেয়ালের কামড়ে আহত মোট ২৭ জন চিকিৎসা নেন।
লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লুৎফুল হাসান শোহন জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
হঠাৎ করে লোকালয়ে শেয়ালের এমন হামলার ঘটনায় সাতাউক, লকনাউক ও সানাবই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
কাজল সরকার/খাদিজা রুমি/
আরও পড়ুন
উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৮ এএম
আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪৭ এএম
ছবি: খবরের কাগজ
-->কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৯টি জীবিত বকসহ মোহাম্মদ তারেক নামে এক বক শিকারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উখিয়া রেঞ্জের উখিয়া সদর বিটের মাছকারিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
আটক মোহাম্মদ তারেক মাছকারিয়া এলাকার ৬নং ওয়ার্ডের বাসিন্দা। তার বাবার নাম ইসহাক আহম্মেদ।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান জানান, মাছকারিয়া এলাকায় অভিযান চালিয়ে ৯টি জীবিত বকসহ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনিব্যবস্থা নেওয়া হচ্ছে।
তারেকুর রহমান/অলি/
আরও পড়ুন
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৪৮ এএম
আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ এএম
ছবি: খবরের কাগজ
-->কুমিল্লার দাউদকান্দি উপজেলার হরিপুর নামকস্হানে অজ্ঞাতবাসের চাপায় মো. নজির মিয়া (৬৫) ও তার স্ত্রী ঝর্ণা বেগম (৫০) নিহত হয়েছেন।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হরিপুর আমিরাবাদ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী অজ্ঞাত বাসের চাপায় পিষ্ট হয়ে মো. নজির মিয়া ও তার স্ত্রী ঝর্ণা বেগম নিহত হয়।
আরও পড়ুন
নিহত মো. নজির মিয়া ও তার স্ত্রী ঝর্ণা বেগম দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের বাসিন্দা।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় জানান, জিংলা তলী বাড়ি থেকে স্বামী-স্ত্রী দু’জন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হরিপুর আমিরাবাদ বাসস্টান্ডে এসে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অজ্ঞাত বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান।
লিটন বাদল/খাদিজা রুমি/
আরও পড়ুন
ঝিনাইদহে স্কুলশিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে সাবেক স্বামী গ্রেপ্তার
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ এএম
আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫২ এএম
পলাশ হোসেন
-->ঝিনাইদহে এক স্কুলশিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে তার সাবেক স্বামী পলাশ হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা লতিফা খাতুন (৩১) ঝিনাইদহ সদর থানায় মামলা করেছেন। রাতে পলাশ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযুক্ত পলাশ হোসেন শৈলকুপা উপজেলার গাবলা গ্রামের বাসিন্দা। তিনি ঝিনাইদহের একটি চক্ষু হাসপাতালে কর্মরত বলে জানা গেছে।
আরও পড়ুন
মামলার সূত্রে জানা যায়, পারিবারিক সম্মতিতে পলাশ হোসেনের সঙ্গে লতিফার বিয়ে হয়। প্রায় ছয় বছর সংসার করার পর গত ২১ ফেব্রুয়ারি পলাশ তাকে তালাকের নোটিশ পাঠান। তাদের সংসারে ওয়াজিহা নামে দুই বছর তিন মাস বয়সি একটি কন্যাসন্তান রয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়, তালাকের পর শিশুকন্যার সঙ্গে দেখা করার অজুহাতে পলাশ প্রায়ই ঝিনাইদহ শহরের পাগলাকানায় বেকাব্রিজ সংলগ্ন একটি ভাড়া বাসায় যেতেন। এ সময় তিনি লতিফার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করতেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সর্বশেষ গত ১১ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে শিশুকন্যাকে নিয়ে শয়নকক্ষে থাকা অবস্থায় পলাশ কৌশলে ঘরে প্রবেশ করে লতিফাকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময় লতিফার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হওয়ার আগেই অভিযুক্ত ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়।
পরে পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে নিয়ে লতিফা ঝিনাইদহ সদর থানায় অভিযোগ করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত পলাশকে গ্রেপ্তার করেছে।
মাহফুজুর রহমান/খাদিজা রুমি/
