মালয়েশিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পাঁচ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে সাবেক ছাত্রনেতা মো. শাহিন শাহ সাম্যকে সভাপতি এবং সেলিম সরকারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
প্রবাসে বসবাসরত বাংলাদেশি শ্রমজীবীদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিত করা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, গত ১২ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম স্বাক্ষরিত দলীয় প্যাডে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। আগের কমিটির দৃশ্যমান দলীয় কার্যক্রম না থাকায় সেটি বাতিল করে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি ইসতিয়াক আহমেদ চৌধুরী বুলবুল, সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন এবং দপ্তর সম্পাদক মো. আমিনুল ইসলাম সজিব।
নবগঠিত কমিটির সভাপতি মো. শাহিন শাহ সাম্য বলেন, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করাই তাঁদের প্রধান লক্ষ্য। প্রবাসীদের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি রেমিট্যান্সের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কাজ করার কথাও জানান তিনি।
সাধারণ সম্পাদক সেলিম সরকার বলেন, মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি শ্রমজীবী মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিতে তাঁরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। প্রবাসীদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে সহযোগিতা করা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করাই হবে তাঁদের অগ্রাধিকার। প্রবাসীদের স্বার্থ রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমজীবীদের অধিকার ও কল্যাণে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত হবে।
বিআলো/শিলি