প্রকাশিত: ২২:৫৫, ২০ অক্টোবর ২০২৬
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মঙ্গলবার দুপুরে ভেদরগঞ্জ থানা ব্রিজ-সংলগ্ন আবাসিক হোটেল শিক্ষকের মরদেহ উদ্ধার করে পুলিশ
শরীয়তপুরের ভেদরগঞ্জে আবুল বাশার তালুকদার (৪০) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভেদরগঞ্জ থানা ব্রিজ-সংলগ্ন ঢাকা আবাসিক হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর পর থেকে হোটেলটির মালিক আতাউর রহমান হোসেন পলাতক রয়েছেন।
আবুল বাশার তালুকদার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দেউলিয়াবাড়ি গ্রামের মৃত জোনাব আলী তালুকদারের ছেলে। তিনি গাজীপুর সদর উপজেলার ৮২ নম্বর খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর রবিবার সকালে নিজ বাড়ি থেকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নে দাদাবাড়ির উদ্দেশে রওনা হন বাশার। এর পর তার মোবাইল ফোন থেকে স্ত্রীকে কল করে চিকিৎসার কথা বলে টাকা চাওয়া হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। গাজীপুর থানায় অভিযোগ করতে গেলে মোবাইল ফোনের অবস্থান শনাক্তের মাধ্যমে ভেদরগঞ্জে তার অবস্থান জানা যায়। পরে বিষয়টি ভেদরগঞ্জ থানা পুলিশকে জানানো হলে ঢাকা আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শিক্ষকের মৃত্যুর প্রকৃত কারণ এবং তার মোবাইল ফোন থেকে টাকা দাবি ও হত্যার হুমকির সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানিয়েছেন, শিক্ষকের মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
