কালবেলা · আন্তর্জাতিক
হঠাৎ মাদ্রিদে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই
২০/১০/২০২৬

স্পেনে আগাম নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রচারণা চলার মধ্যেই দেশটিতে পৌঁছেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। স্থানীয় সময় সোমবার (১৯ অক্টোবর) রাতে তিনি মাদ্রিদে পৌঁছান বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
সফরকালে বুধবার একটি অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার কথা রয়েছে মিলেইয়ের। এ ছাড়া স্পেনের ডানপন্থি রাজনৈতিক দল ভক্সের সঙ্গে সংশ্লিষ্ট একটি ফাউন্ডেশনও পরিদর্শন করবেন তিনি।
মাদ্রিদ অঞ্চলের বিভিন্ন কর্মকর্তাও মিলেইয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।
তবে সফরে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে তার কোনো বৈঠকের পরিকল্পনা নেই। বৃহস্পতিবার এ সফর শেষ হওয়ার কথা রয়েছে।
২০২৩ সালের শেষ দিকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি মিলেইয়ের সপ্তম স্পেন সফর।
এদিকে, স্পেনে আগামী ২৯ নভেম্বর আগাম নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে দেশটির রাজনৈতিক অঙ্গনে প্রচারণা ও তৎপরতা চলছে।
নির্বাচনের আগে মিলেইয়ের এ সফর এবং ভক্স-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে তার সম্ভাব্য উপস্থিতি রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব পাচ্ছে। সফরকে কেন্দ্র করে স্পেনের আসন্ন নির্বাচনে কোনো নির্দিষ্ট পক্ষের প্রতি তার সমর্থন বা নির্বাচনী প্রচারণায় সরাসরি ভূমিকার বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে।
সূত্র: আনাদোলু এজেন্সি
মূল প্রতিবেদনে যান ↗