আওয়ামী লীগের ও ভারতের সঙ্গে লিয়াজোঁ করে বিএনপি দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। শুক্রবার (২৩ অক্টোবর) বিকালে রাজধানীর কারওয়ান বাজারে আইনশৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে এনসিপির সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেছেন, তার বক্তব্য দুঃখজনক। বিরোধী দল কারও সঙ্গে সমঝোতা বা আপস করছে না। বরং বিএনপি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নির্বাচন করেছে। আওয়ামী লীগ এবং ভারতের সঙ্গে লিয়াজোঁ করেই দেশ পরিচালনা করছে। এসব কারণেই সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রের বন্দোবস্তের পরিবর্তন হয়নি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে নাহিদ ইসলাম বলছিলেন, ‘আইনশৃঙ্খলার জন্য প্রধানত দায়ী স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু তাকে কোনো ধরনের জবাবদিহির আওতায় আনা হচ্ছে না। তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। একইভাবে জ্বালানিমন্ত্রীও নিজের ব্যর্থতার বিষয়ে জবাব দিতে পারছেন না।
তার ভাষ্য, স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে সরিয়ে মন্ত্রিসভা পুনর্গঠন করা উচিত। অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও যাদের ব্যর্থতা ও অবহেলা সবচেয়ে বেশি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না এবং জবাবদিহির আওতায় আনা হচ্ছে না।
গণভোটের রায় উপেক্ষা করে সরকার সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে অভিযোগ করে এনসিপির আহ্বায়ক বলেন, ওই কমিটি বাতিল করতে হবে। এ সময় সাইবার আইন বাতিলের দাবি জানিয়ে তিনি জানান, সংসদে এ ধরনের আইন পাস হতে দেওয়া হবে না। এ ছাড়া কর্তৃত্ববাদী শাসনের সঙ্গে সংশ্লিষ্ট আইনগুলোও বাতিল করার দাবি জানালেন তিনি।
দেশের বিভিন্ন ক্ষেত্রে ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দেশের গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিবাদী প্রবণতার বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
আগামী ৩০ অক্টোবর গণবিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘সারাদেশে এ কর্মসূচি পালন করা হবে। জনগণকে সঙ্গে এ কর্মসূচি শুরু করেছি।’ এ সময় দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদের নেতৃত্বে ঢাকা উত্তর ও দক্ষিণে কর্মসূচি পরিচালনার কথাও উল্লেখ করেন তিনি।
দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে হওয়ায় দেশের মানুষকে ধন্যবাদ জানান নাহিদ ইসলাম। তবে এ ক্ষেত্রে সরকারের কোনো কৃতিত্ব নেই বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, ‘দেশের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। সরকার মানুষকে সামান্য নিরাপত্তাও দিতে পারছে না।
লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সালেহ উদ্দিন সিফাত প্রমুখ।
