সৌদি আরবে সন্ত্রাসবাদ ও রাষ্ট্রবিরোধী অপরাধের দায়ে পাঁচ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা একটি বিদেশি সন্ত্রাসী দলের সঙ্গে যুক্ত ছিলেন। তারা আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যবহারের মাধ্যমে দেশটির নিরাপত্তা বাহিনী, প্রধান দপ্তর এবং যানবাহন লক্ষ্য করে হামলা পরিচালনা করেছিলেন।
তদন্তে তাদের কাছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাওয়ার প্রমাণ মেলে। পাশাপাশি দেশের ভেতর সন্ত্রাসী তৎপরতা জোরদার ও অর্থায়নে সহায়তার অভিযোগও প্রমাণিত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উচ্চ আদালতের দেওয়া আইনি রায়ের ভিত্তিতেই এই পাঁচজনের দণ্ড কার্যকর করা হয়েছে।
এর আগে মক্কায় একটি ধর্মীয় উপাসনালয়ের পবিত্রতা ও মর্যাদা ক্ষুণ্নের দায়ে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। আদালত সূত্রে জানা যায়, নিরাপত্তা বাহিনী তাদের আটক করার পর সঠিক বিচারিক প্রক্রিয়া শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে দণ্ড কার্যকর করা হয়।
সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা রক্ষা, সমাজে ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং দেশের আইন বাস্তবায়নে কঠোর অবস্থান বজায় থাকবে।
জেএইচআর
