
কাঠালিয়ায় রুম টু রিডের ‘পড়া খেলা উৎসব’, বিজয়ীদের পুরস্কার বিতরণ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৩৩ নম্বর আমুয়া স্টিমার ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক সংস্থা রুম টু রিডের সহযোগিতায় ‘পড়া খেলা উৎসব’ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেয়। শিশুদের পঠন দক্ষতা বৃদ্ধি এবং আনন্দময় পরিবেশে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে জামান এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল আহম্মেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউপিইটিসির মো. আনিসুর রহমান ও মো. আকবর হোসেন, কাঠালিয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. বাদল হাওলাদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন এবং রুম টু রিডের লিটারেসি অফিসার মুশফিকুর রহমান, আবু বকর ও কফিল উদ্দিন।
উৎসবে শিক্ষার্থীদের বয়স ও শ্রেণি অনুযায়ী পঠন, লেখা ও ভাষাগত দক্ষতা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রাক-প্রাথমিকের শিশুদের জন্য ছবি আঁকা ও রং করার কার্যক্রম রাখা হয়। প্রথম শ্রেণির শিক্ষার্থীরা খালি ঘরে সঠিক বর্ণ বসিয়ে লেখা, দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা বর্ণ দিয়ে শব্দ তৈরি এবং তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা শব্দ দিয়ে বাক্য গঠনের খেলায় অংশ নেয়।
এ ছাড়া চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনুচ্ছেদ পড়ে তিনটি প্রশ্নের উত্তর লেখার প্রতিযোগিতা এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ভুল বানান শনাক্ত করে সঠিকভাবে লেখার আয়োজন করা হয়।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার হিসেবে শিক্ষার্থীদের ওয়াটার ফিল্টার, পেনসিল বক্স, রঙিন পেনসিল, জ্যামিতি বক্স ও হার্ডবোর্ড দেওয়া হয়।
বিদ্যালয়ের শিক্ষক, অতিথি ও অভিভাবকেরা জানান, এ ধরনের আনন্দভিত্তিক শিক্ষা কার্যক্রম শিশুদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের পঠন দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে সহায়ক হবে। রুম টু রিডের সহযোগিতায় আয়োজিত এ উৎসব শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলেও তাঁরা উল্লেখ করেন।
