কালকিনিতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাবেক বিজিপি সদস্য রেজাউল করিমের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীদের বাধা দিতে গিয়ে সাইদুল হাওলাদার নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে হামলাকারীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার। জানা গেছে, পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত বিজিপি সদস্য রেজাউল করিমের বাড়ির জমি নিয়ে একই এলাকার সাইদুল খানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার রাতে সাইদুল খানের নেতৃত্বে চুন্নু ফকিরসহ কয়েকজন রেজাউল করিমের মুদি দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় হামলাকারীদের বাধা দিতে গেলে রেজাউলের পরিবারের সদস্য সাইদুলকে কুপিয়ে গুরুতর আহত করা হয় বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেজাউল অভিযোগ করে বলেন, সাইদুল খান, শহীদ খান ও চুন্নু ফকিরসহ তাদের লোকজন আমার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর ও লুটপাট করেছে। বাধা দিতে গেলে আমার এক আত্মীয়কে কুপিয়ে আহত করা হয়। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সাইদুল খান বলেন, ‘হামলার বিষয়ে কিছুই জানি না।