সংবাদ · সাধারণ
অস্কারের পর এএফআইয়ের আজীবন সম্মাননায় টম ক্রুজ
২২/১০/২০২৬

হলিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক টম ক্রুজকে আজীবন সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট (এএফআই)। চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আগামী বছরের এপ্রিলে হলিউডে আয়োজিত বিশেষ এক অনুষ্ঠানে তার হাতে তুলে দেওয়া হবে সংস্থাটির মর্যাদাপূর্ণ ‘লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) এ ঘোষণা দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। তবে এই সম্মাননা প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি ৬৪ বছর বয়সী এই তারকা।‘রিস্কি বিজনেস’ থেকে শুরু করে ‘টপ গান’ কিংবা ‘মিশন: ইম্পসিবল’–চার দশকেরও বেশি সময় ধরে একের পর এক ব্যবসাসফল ও নন্দিত সিনেমা উপহার দিয়েছেন টম ক্রুজ। বিশেষ করে ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজিতে নিজে ঝুঁকিপূর্ণ স্টান্ট করে বিশ্বজুড়ে কোটি দর্শকের হৃদয় জয় করেছেন তিনি।চলচ্চিত্র সংরক্ষণ, প্রচার ও শিল্পের বিকাশে নিয়োজিত অলাভজনক প্রতিষ্ঠান এএফআই ১৯৭৩ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার দিয়ে আসছে। অতীতে বেটি ডেভিস, জিন কেলি, এলিজাবেথ টেলর ও টম হ্যাঙ্কসের মতো কিংবদন্তি তারকারা এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হয়েছেন।টম ক্রুজের কাজের প্রতি একাগ্রতার প্রশংসা করে এএফআইয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রযোজক ক্যাথলিন কেনেডি বলেন, “অভিনেতা ও প্রযোজক–দুই ভূমিকাতেই ক্রুজ তার প্রতিটি কাজে অসাধারণ নিষ্ঠার পরিচায়ক। সিনেমার প্রতি তার অগাধ বিশ্বাস এবং চলচ্চিত্র যে বিশ্ববাসীকে এক সুতোয় বাঁধতে পারে, সেই উপলব্ধি সত্যিই প্রশংসনীয়।”দীর্ঘ অভিনয়জীবনে ‘মাইনরিটি রিপোর্ট’, ‘আ ফিউ গুড মেন’, ‘রেইন ম্যান’সহ বহু কালজয়ী চলচ্চিত্রে অভিনয় করেছেন টম ক্রুজ। অভিনয়ের জন্য তিনবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) মনোনয়ন পাওয়ার পাশাপাশি চলচ্চিত্রে অবদানের জন্য গত বছর তাকে সম্মানসূচক অস্কার দেওয়া হয়।অবশ্য টম ক্রুজের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত বড় বাজেটের ডার্ক কমেডি চলচ্চিত্র ‘ডিগার’ বক্স অফিসে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। অক্টোবরের উদ্বোধনী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডার বক্স অফিসে সিনেমাটির অবস্থান ছিল পঞ্চম স্থানে। তবে সাফল্য-ব্যর্থতার ঊর্ধ্বে উঠে আজও হলিউডের শীর্ষ তারকা হিসেবে নিজের আবেদন ধরে রেখেছেন তিনি।
মূল প্রতিবেদনে যান ↗