Published on
:
1 min read
এই সময়, আলিপুরদুয়ার: দুর্গোৎসবেও আন্দোলন থেকে পিছু হটেননি। এখনও পথে বসে আছেন বক্সার ১৮ গ্রামের মহা গ্রামসভার যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা। অভিযোগ, ১৭ দিন কেটে গেলেও বন দফতরের তরফে আন্দোলনকারীদের দাবি নিয়ে কোনও পদক্ষেপ করা হয়নি। বন দফতরের এই উদাসীনতায় ক্ষুব্ধ সদস্যরা ২৫ অক্টোবর পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন। তার পরে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সেই আন্দোলনের রূপরেখা কী হবে, তা নিয়ে পরিষ্কার করে কিছু বলেননি তাঁরা।
আন্দোলনের অন্যতম নেতা অয়ন নাইডু বলেন, ‘পুজো পেরিয়ে যাওয়ার পরেও আমরা আশার আলো দেখতে পাচ্ছি না। ২৫ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছি। তার পরে অন্য কিছু ভাবব। এত অবহেলা আর মানা যায় না।’ গ্রামসভার আন্দোলনের প্রতি সমর্থন জানাতে দিন কয়েক আগে রাজাভাতখাওয়ার ধর্না মঞ্চে এসেছিলেন হেল্প ট্যুরিজমের মুখপাত্র রাজ বসু।
তিনি বলেন, ‘বক্সার গ্রামের মানুষের সদর্থক ভূমিকা না-থাকলে, তাঁদের সহযোগিতা না-থাকলে কিছুতেই বক্সায় বাঘের রি-ইন্ট্রোডাকশন সম্ভব হতো না।’ তাঁর প্রশ্ন, ‘তা হলে এখন কেন তাঁদের দাবি গুরুত্ব পাবে না?’ আন্দোলনের জেরে টানা ১৭ দিন ধরে বক্সায় জিপ সাফারি বন্ধ। গোটা পুজোর মরশুমে পর্যটকরা অনুপস্থিত বক্সায়। বনমন্ত্রী বলেন, ‘আমরা আলোচনার মাধ্যমে সবকিছু মিটিয়ে নেব।’
