খুলনা গেজেট অক্টোবর ২৪, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণ
গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বেদগ্রাম খেয়াঘাট এলাকায় পুলিশ নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় যুবলীগ নেতা মিলন ও ছাত্রলীগ নেতা মুরসালিনের নেতৃত্বে বেশ কয়েকজন নেতাকর্মী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিছিল বের করেন।
তিনি আরও জানান, পুলিশ মিছিলে বাধা দিলে তারা লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। হামলায় সদর থানার এসআই ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি প্রতিকূলে দেখে পুলিশ সদস্যরা গাড়ি নিয়ে সরে যান।
আহত পুলিশ সদস্যদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
খুলনা গেজেট/এএজে
