চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহীম হোসেন রনির বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ব্যঙ্গ করার অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সাবেক প্রধানমন্ত্রীর বাচনভঙ্গি ও পবিত্র কোরআনের আয়াত নিয়ে পুরোনো একটি মিমিক্রি ভিডিওকে কেন্দ্র করে এ অভিযোগ তোলে সংগঠনটি। এ ঘটনায় ছয় দফা দাবি জানিয়েছে শাখা ছাত্রদল।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ ভবনের সামনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন অভিযোগ করে বলেন, ২০২০ সালে প্রকাশিত একটি টিকটক ভিডিওতে ইব্রাহিম রনি বেগম খালেদা জিয়ার বাচনভঙ্গি ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করেন। একই সঙ্গে পবিত্র কোরআনের আয়াত ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ নিয়েও উপহাস করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক শিষ্টাচার ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থি।
মহসিন অভিযোগ করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকালীন সময়ে ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রকাশ্যে আন্দোলনে সক্রিয় না থেকে গোপন রাজনীতির মাধ্যমে ক্ষমতাসীনদের সঙ্গে সহাবস্থান করেছেন। এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হল দখল, ক্যাম্পাস অবরুদ্ধ রাখা এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী দাউদ সালমানের ওপর মব সৃষ্টির অভিযোগও তোলেন আলাউদ্দিন মহসিন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মতপার্থক্য ও রাজনৈতিক বিতর্ক থাকবে, তবে ধর্মীয় বিশ্বাস ও মানুষের সম্মান নিয়ে উপহাসের সুযোগ থাকা উচিত নয়। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবিগুলো নিরপেক্ষভাবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
ছাত্রদলের ছয় দফা দাবিগুলো হচ্ছে - ইব্রাহিম রনির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে নিরপেক্ষ কমিটি গঠন ও তদন্তের ফল প্রকাশ, বেগম খালেদা জিয়া ও পবিত্র কোরআনের আয়াত নিয়ে ব্যঙ্গ করার অভিযোগে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা, ফ্যাসিবাদী শাসনামলে ছাত্রশিবিরের ভূমিকা ও রাজনৈতিক অবস্থান নিয়ে ব্যাখ্যা প্রদান, ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধ করে স্বচ্ছ ছাত্ররাজনীতির পরিবেশ নিশ্চিত করা, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং নারী শিক্ষার্থীদের চরিত্রহনন ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ক্যাম্পাস কেন্দ্রিক বিভিন্ন পেজের অ্যাডমিন শনাক্ত করে ব্যবস্থা নেওয়া।
তবে এ বিষয়ে চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি দাবি করেন, এটি ছিল একটি অনুষ্ঠানের ভিডিও। অনুষ্ঠানে অভিনয় পর্বে হানিফ সংকেত, বেগম খালেদা জিয়া, ওবায়দুল কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও শিল্পীদের কথা বলার ধরন অনুসরণ করে অভিনয় করেছিলাম। সেটি ছিল একটি বিনোদনমূলক পরিবেশনা, কোনো রাজনৈতিক বিদ্বেষ প্রকাশের উদ্দেশ্যে নয়। অথচ এই মিমিক্রি ভিডিও থেকে শুধু মরহুম বেগম খালেদা জিয়ার অংশটুকু কেটে সেটিকে ভিন্নভাবে উপস্থাপনের অপচেষ্টা চালাচ্ছে ছাত্রদল।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-নোমান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইয়াসিনসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএমআরআর/এসজেডএইচ/জেআইএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
