ফুটবল খেলাকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের ঘোষেরচর ও ফকিরকান্দি গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ অক্টোবর) রাতে দুই পক্ষের সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
সংঘর্ষের সময় মসজিদে মাইকিং, টর্চলাইট ব্যবহার এবং দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর কয়েকজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার রাতে গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার তথ্য নিশ্চিত করেন। ওসি মো. আমিনুল ইসলাম জানান, সোমবার বিকেলে ফুটবল খেলা চলাকালে দুই গ্রামের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে ফকিরকান্দি গ্রামের কয়েকজনের বিরুদ্ধে ঘোষেরচর গ্রামের কামরুল মোল্লার ছেলে হান্নান মোল্লা (২৮) কে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর দুই গ্রামের লোকজন মসজিদে মাইকিং করে জড়ো হন। পরে টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সংঘর্ষ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
এ সময় ইটপাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। রাতে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও দুই পক্ষের লোকজন মুখোমুখি অবস্থানে ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি মো. আমিনুল ইসলাম।
বিআলো/আমিনা