The Sangbad · সাধারণ
দীর্ঘ ছুটি শেষে আজ খুলছে সুপ্রিম কোর্ট
২৫/১০/২০২৬

দীর্ঘ এক মাস ১০ দিনের অবকাশকালীন ছুটি শেষে রোববার (২৫ অক্টোবর) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে। তবে প্রথম দিনে প্রথা অনুযায়ী আপিল বিভাগের এক নম্বর কোর্টের নিয়মিত এজলাস কার্যক্রম বন্ধ থাকবে।শনিবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ অবকাশের পর প্রথম কার্যদিবসে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের ইনার ইয়ার্ড প্রাঙ্গণে এক ঐতিহ্যবাহী সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান আয়োজিত হবে।অনুষ্ঠানে প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীদের সঙ্গে কুশল ও সৌজন্য বিনিময় করবেন।সৌজন্য সাক্ষাৎ কর্মসূচির কারণে আজ আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সোমবার থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সব ধরনের বিচারিক কাজ পুরোদমে চলবে।।
মূল প্রতিবেদনে যান ↗