জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় হার দিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাতে শুধু পয়েন্ট হারানো নয়, নিট রানরেটেও বড় ধাক্কা খেয়েছে দল। এখন ফাইনালে ওঠার ভাগ্য পুরোপুরি নিজেদের হাতে নেই তাওহিদ হৃদয়ের দলের। আগামী ১৯ অক্টোবর জিম্বাবুয়ে-আফগানিস্তান ম্যাচের ফলই অনেকটা ঠিক করে দেবে বাংলাদেশের সামনে পথ কতটা কঠিন হবে।
আবুধাবিতে শনিবার প্রথম ম্যাচে আগে ব্যাট করে ২৭১ রান তুলেছিল জিম্বাবুয়ে। শুরুতে মাত্র ২৪ রানে তিন উইকেট হারিয়েও ঘুরে দাঁড়িয়েছে তারা। জবাবে বাংলাদেশের ইনিংস থামে ১৭২ রানে। ৯৯ রানের এই পরাজয়ে বাংলাদেশের নিট রানরেট দাঁড়িয়েছে ১.৯৮০। বিপরীতে জিম্বাবুয়ের রানরেট +১.৯৮০। তিন দলের এ টুর্নামেন্টে লিগ পর্বে প্রতিটি দল খেলবে মাত্র দুটি করে ম্যাচ; সেরা দুদল উঠবে ২৩ অক্টোবরের ফাইনালে। সমীকরণের হিসাবটা দেখে নেওয়া যাক :
বিজ্ঞাপন
জিম্বাবুয়ে জিতলে সহজ হবে পথ
বাংলাদেশের জন্য সবচেয়ে স্বস্তির ফল হবে আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের জয়। আজ আফগানিস্তানকে হারাতে পারলে জিম্বাবুয়ের পয়েন্ট হবে ৪। তখন তারা ফাইনালে চলে যাবে। এরপর ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতলেই পয়েন্ট হবে দুই। সে ক্ষেত্রে দুই ম্যাচ হারায় আফগানিস্তানের পয়েন্ট হবে শূন্য। তখন বাংলাদেশ ফাইনালে জায়গা করে নেবে।
আফগানিস্তান জিতলে হিসাব জটিল
আজ জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তান জিতলে তিন দলেরই পয়েন্ট সমান হওয়ার সুযোগ থাকছে। সে ক্ষেত্রে ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতলে তিন দলের পয়েন্ট হবে সমান দুই করে। তখন ফাইনালের দুদল নির্ধারিত হবে নিট রানরেটে। আর এই নিট রানরেটের হিসাবটা আজ পরিষ্কার হয়ে যাবে জিম্বাবুয়ে-আফগানিস্তান ম্যাচ শেষে। কত রানে বা কত ওভার হাতে রেখে জিততে হবেÑসেটি নির্ভর করবে জিম্বাবুয়ে-আফগানিস্তান ম্যাচের ফল ও ব্যবধানের ওপর। আফগানিস্তান যদি বড় ব্যবধানে জেতে, বাংলাদেশের জন্য রানরেটের চ্যালেঞ্জও বাড়বে।
সব মিলিয়ে বাংলাদেশের প্রথম চাওয়া জিম্বাবুয়ের জয়। তাতে ফাইনালে ওঠার পথ সহজ হবে। আর আফগানিস্তান জিতলে শেষ ম্যাচে শুধু জয় নয়, রান তোলার গতি ও প্রতিপক্ষকে দ্রুত অলআউট করার দিকেও নজর রাখতে হবে। আপাতত বাংলাদেশের নজর এখন আফগানিস্তান-জিম্বাবুয়ে ম্যাচের দিকে।
