নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘গোল্ডেন সিটি কমপ্লেক্স’-এর জমি দখল ও ৩ কোটি টাকা চাঁদা না পেয়ে সাইনবোর্ডে আগুন, বাউন্ডারি ভাংচুর এবং মালিকদের খুন-গুমের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় একটি সন্ত্রাস ও ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়েরের পর সংবাদ সম্মেলন করেন গোল্ডেন সিটি কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক গোল্ডেন সিটি কমপ্লেক্সের মো. শাজাহান।
অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন পূর্ব সানারপাড় সোনামিয়া মার্কেট এলাকায় সি.এস ও এস.এ- ২৮, আর.এস-৫২ দাগের ৩৬ শতাংশ এবং সি.এস ও এস.এ- ২৯, আর.এস- ৫১ দাগের ৩৯ শতাংশ—সর্বমোট ৭৫ শতাংশ জমি বিগত তিন বছর আগে ক্রয় করেন মোঃ শাহজাহান ও তাঁর অংশীদারগণ। ক্রয়ের পর থেকেই তাঁরা চতুর্পাশ্বে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে জমিটি ভোগদখল করে আসছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ও থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, জমিটি কেনার পর থেকেই স্থানীয় প্রভাবশালী ও ভূমিদস্যু চক্রের মূলহোতা মোঃ আতাউর রহমান সরকার ওরফে আক্কেল আলী (৬২), ইকবাল হোসেন (৪৯), আরুজা আক্তার (৪৮), মোঃ সুলতান হোসেন (৪০), মোঃ মুরাদ (৪২), মোঃ শামিম (৩৭), রহিম বাদশা (৫১), মোঃ ফরিদ মোল্লা (৪৫), মোঃ মোশারফ মোল্লা (৩৮), মোঃ রফিক (৩৬), জাকির হোসেন (২৫), মোঃ শহিদুল্লাহ (৬০), সপ্নিল (২৬), রহিম উদ্দিন (৩৬) ও আরাফাত (২৪)-সহ সংঘবদ্ধ সন্ত্রাসীরা তাদের কাছে দীর্ঘদিন ধরে ৩ কোটি টাকা চাঁদা দাবি করে আসছে। চাঁদার টাকা না দিলে প্রকল্প এলাকায় কোনো ধরনের উন্নয়ন ও নির্মাণকাজ করতে দেওয়া হবে না বলে বিভিন্ন সময় ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ১৯ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:০০ ঘটিকার সময় উক্ত বিবাদীরাসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেআইনিভাবে গোল্ডেন সিটি কমপ্লেক্সের জমিতে অনধিকার প্রবেশ করে। সেখানে থাকা গোল্ডেন সিটি কমপ্লেক্সের মূল সাইনবোর্ডটিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় এবং দেয়ালের লেখা মুছে ফেলে তা দখলের চেষ্টা চালায়।
খবরে পেয়ে গোল্ডেন সিটি কমপ্লেক্সের মালিক ও অংশীদারগণ ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে সন্ত্রাসীরা পুনারায় ৩ কোটি টাকা চাঁদা দাবি করে ও গালিগালাজ করে মারধর করতে উদ্যত হয়। চাঁদা না দিলে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করলে তাদের সুযোগমতো হত্যা করে লাশ গুম করে ফেলার প্রকাশ্যে হুমকি দিয়ে কেটে পড়ে সন্ত্রাসীরা।
সংবাদ সম্মেলনে গোল্ডেন সিটি কমপ্লেক্স কর্তৃপক্ষ ভূমিদস্যু ও সন্ত্রাসীদের হাত থেকে প্রকল্পের ৭৫ শতাংশ জমি রক্ষা এবং নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এ বিষয়ে ইতিমধ্যেই ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে বিবাদী করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। বিষয়টির সুষ্ঠু তদন্তপূর্বক আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
