মুন্সীগঞ্জের গজারিয়ায় চর বাউশিয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি যানের পেছনে ধাক্কা দিলে আকরামুল ইসলাম রহি (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মুন্সীগঞ্জের গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় আকরামুল ইসলাম রহি (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকরামুল ইসলাম রহি কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দরপুর গ্রামের মৃত হেলাল উদ্দিন শিকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বুধবার বিকেলে আকরামুল মোটরসাইকেল নিয়ে কুমিল্লামুখী লেনে যাচ্ছিলেন। চর বাউশিয়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সামনে থাকা অজ্ঞাত একটি যানবাহনের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আকরামুলের মৃত্যুর খবরে তাঁর পরিবার ও নিজ গ্রাম সুন্দরপুরে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। অজ্ঞাত যানবাহনটি শনাক্ত করার পাশাপাশি এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
