পারিবারিক বিরোধের জেরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী হোসনে আরা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১১-এর বিচারক নিষ্কৃতি হাগিদক এ রায় ঘোষণা করেন।
হোসনে আরা বেগম নগরের কোতোয়ালী থানার লাভলেন ঝাউতলা এলাকার বাসিন্দা। তিনি মৃত হেলাল উদ্দিনের স্ত্রী।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৯ মে রাত ১টার দিকে নগরীর এনায়েত বাজারের বাটালী রোডে জাফর সওদাগরের কলোনিতে ভাড়া বাসায় হেলাল উদ্দিন ও তার স্ত্রী হোসনে আরা বেগমের মধ্যে পারিবারিক কলহ হয়। একপর্যায়ে হোসনে আরা তার স্বামীর মাথায় অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে হেলাল উদ্দিনের মৃত্যু হলে ঘরের বাইরে তালা লাগিয়ে আত্মগোপনে চলে যান তিনি।
ওই দিন দুপুরে খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ বাসা থেকে হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার করে। এ সময় তার মুখ, ডান পা ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় কোতোয়ালী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. সাহাবুদ্দিন খান বাদি হয়ে হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০১০ সালের ১৪ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যদিয়ে মামলার বিচার শুরু হয়। মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে হেলাল উদ্দিনকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় হোসনে আরা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানার মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
আইএমই/ডিজে
