নভেম্বরের তৃতীয় সপ্তাহ নাগাদ রাজধানী ঢাকাসহ সারা দেশে শীতের আমেজ শুরু হতে পারে। ডিসেম্বরের শেষভাগ থেকে শীতের তীব্রতা বাড়তে পারে, যা জানুয়ারি মাসজুড়ে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এমনকি ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত ঠান্ডা আবহাওয়া থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত চার-পাঁচ বছরের আবহাওয়ার ধরন বিশ্লেষণ করে এমন পূর্বাভাসের কথা জানানো হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) কর্মকর্তা এ কে এম নাজমুল হক জানান, শীত মৌসুমে ঢাকায় তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
তিনি বলেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রভাব বাড়তে পারে। তবে উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে নভেম্বরের প্রথম সপ্তাহেই শীতের আগমনী অনুভূত হতে পারে। ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়বে এবং জানুয়ারিতে সবচেয়ে বেশি শীত পড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ নাজমুল হক আরও জানান, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত শীতের প্রভাব থাকতে পারে। এরপর দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করতে পারে। রাজধানী ঢাকায় ইতিমধ্যে উত্তর দিক থেকে বাতাস বইতে শুরু করেছে, যা আবহাওয়া শীতল হওয়ার ইঙ্গিত দিচ্ছে। তবে ঘনবসতিপূর্ণ নগরাঞ্চলে শীতের অনুভূতি স্পষ্ট হতে নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।
অন্যদিকে দেশের উত্তরাঞ্চল, বিশেষ করে পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে ইতিমধ্যে শীতের আমেজ অনুভূত হচ্ছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মঙ্গলবার (১৩ অক্টোবর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা বেড়ে দাঁড়ায় ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে।
এদিকে মঙ্গলবার রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার এই পরিবর্তনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে ধীরে ধীরে শীতের আগমনী পরিস্থিতি তৈরি হতে পারে। তবে শীতের সুনির্দিষ্ট সময় ও তীব্রতা নির্ভর করবে মৌসুমি আবহাওয়ার পরিবর্তন এবং তাপমাত্রার গতিপ্রকৃতির ওপর।
The post কড়া নাড়ছে শীত, তাপমাত্রা নিয়ে যা জানা যাচ্ছে appeared first on ভোরের চেতনা.
