একই খাবারে বারবার চুবিয়ে খাওয়া কি অস্বাস্থ্যকর?

রকমারি ডেস্ক: বন্ধুদের আড্ডা কিংবা পারিবারিক অনুষ্ঠানে এক বাটি সস বা ডিপ ভাগ করে খাওয়ার চল রয়েছে। কিন্তু একবার কামড় দেওয়া খাবার ফের সেই সসে চুবিয়ে খেলে কি জীবাণু ছড়িয়ে পড়ে? কী বলছেন বিশেষজ্ঞরা?
বিশেষজ্ঞদের মতে, এতে ব্যাকটেরিয়া ছড়াতে পারে। তবে সব ক্ষেত্রে অসুস্থ হওয়ার আশঙ্কা সমান নয়। একই খাবার বারবার সসে চুবিয়ে খাওয়াকে বলা হয় ‘ডাবল-ডিপিং’। যেমন, একবার কামড় দেওয়া গাজর হুমাসে বা অর্ধেক খাওয়া চিপস ফের সালসা সসে ডোবানো। এতে মুখের লালা ও ব্যাকটেরিয়া সসের মধ্যে মিশে যেতে পারে।
অধ্যাপক জন ট্রেগনিংয়ের উল্লেখ করা একটি গবেষণায় সালসা, চকোলেট সস ও চিজ ডিপ পরীক্ষা করে তিন ধরনের সসেই ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গিয়েছিল। এর মধ্যে সালসায় দূষণের মাত্রা ছিল সবচেয়ে বেশি। তবে মুখের ব্যাকটেরিয়া অন্যের শরীরে গেলেই যে অসুস্থতা দেখা দেবে, এমন নয়। ট্রেগনিংয়ের মতে, মানুষের মুখে সাধারণত নিজস্ব কিছু ব্যাকটেরিয়া থাকে, যা বাইরে থেকে আসা জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে। তাই ডাবল-ডিপিংয়ের কারণে সংক্রমণের ঝুঁকি সাধারণত কম। তবে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তাঁদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন।
বিশেষজ্ঞের মতে, খাবার থেকে জীবাণু ছড়ানোর ক্ষেত্রে হাতের পরিচ্ছন্নতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরিষ্কার হাতের মাধ্যমে সালমোনেলা ও নোরোভাইরাসের মতো জীবাণু খাবারে ছড়িয়ে পড়তে পারে। এগুলি ডায়রিয়া ও বমির কারণ হতে পারে। খাবার তৈরির আগে এবং খাওয়ার আগে হাত ভালো করে না ধুলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। তাই একই পাত্রে বারবার খাবার চুবিয়ে খাওয়ার অভ্যাস এড়িয়ে চলা ভালো। ভাগ করে খাওয়ার সময় আলাদা চামচ ব্যবহার করুন এবং খাবার তৈরির আগে ও খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। এতে খাবারের মাধ্যমে জীবাণু ছড়ানোর ঝুঁকি কমানো সম্ভব।
সূত্র: দ্যা গার্ডিয়ান
More News Of This Category

