রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হয়েছে তিন দিনব্যাপী নবম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৬। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে দেশি-বিদেশি ৬৫০ জনের বেশি গলফার অংশ নিচ্ছেন।
২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি এবং ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলী এবং উন্নয়ন প্রকল্পের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর মো. আরমান আলী ভূঁইয়া। এ ছাড়া কুর্মিটোলা গলফ ক্লাব ও ড্যাফোডিলের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি-বিদেশি সদস্যদের পাশাপাশি দেশের বিভিন্ন গলফ ক্লাবের নারী ও পুরুষ গলফাররা বিভিন্ন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আয়োজকেরা জানান, প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৫ অক্টোবর রোববার রাত ৮টায় কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।