শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত জেলার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন তারা।
বিজিবি সূত্রে জানা গেছে, জেলার তিনটি বিজিবি ব্যাটালিয়নের আওতায় মোট ৫০টি পূজামণ্ডপের নিরাপত্তায় এসব সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে ৫৩ বিজিবির আওতায় ২০টি পূজামণ্ডপে আট প্লাটুন, ৫৯ বিজিবির আওতায় ১৩টি পূজামণ্ডপে পাঁচ প্লাটুন এবং ১৬ বিজিবির আওতায় গোমস্তাপুর উপজেলার সীমান্তের আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ১৭টি পূজামণ্ডপে চার প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বিজিবি সদস্যরা। পাশাপাশি গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধেও নজরদারি জোরদার করা হবে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল আমিন অপু এবং ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুমের নেতৃত্বে এ নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
