উত্তর পারস্য উপসাগরে অবৈধভাবে তেল স্থানান্তরের অভিযোগে চারটি জাহাজে একযোগে হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। আইআরজিসির নজরদারিতে আসার পর বুধবার (২১ অক্টোবর) পরিচালিত এই অভিযানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জাহাজগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইআরজিসি নৌবাহিনী। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
আইআরজিসি আরও জানায়, পারস্য উপসাগরের এই ঘটনার পাশাপাশি হরমুজ প্রণালির পশ্চিমে আরও তিনটি জাহাজ সামুদ্রিক মাইন বিস্ফোরণের শিকার হয়েছে। সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালি ও সংলগ্ন জলসীমায় জাহাজ চলাচলে তীব্র ঝুঁকি তৈরি হয়েছে।
একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনীকে চরম হুঁশিয়ারি দিয়ে বিপ্লবী গার্ড কর্পস জানিয়েছে, এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের যেকোনো উসকানিমূলক পদক্ষেপ বন্ধ করতে হবে। তা না হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে আরও বড় ও ব্যাপকভিত্তিক সামরিক জবাব দেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, পারস্য উপসাগর ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আইআরজিসির এই আক্রমণাত্মক অবস্থান বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহে নতুন করে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে।
