
দিনব্যাপী একাধিক সরকারি কর্মসূচিতে অংশ নিতে আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে সুন্দরবনের হিরণ পয়েন্ট ও আশপাশের এলাকা পরিদর্শনের পাশাপাশি মোংলা বন্দরের কার্যক্রম এবং প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন ঘুরে দেখবেন তিনি। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর প্রেস উইং সফরের বিষয়টি নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি। সকাল ৯টায় হেলিকপ্টারে করে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। এ সময় আকাশপথে হিরণ পয়েন্ট ও সংলগ্ন সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন তিনি।
সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণের পর নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
সফরসূচি অনুযায়ী, দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছানোর পর মধ্যাহ্নবিরতি নেবেন প্রধানমন্ত্রী। পরে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন তিনি। বিকেলে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের পাশাপাশি প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন ঘুরে দেখবেন।
সফর শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে বিকেল ৫টার দিকে রাজধানীতে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। তাঁর সফরকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাটে প্রশাসনিক এবং আইনশৃঙ্খলাসংক্রান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।
The post মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে খুলনা-বাগেরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী appeared first on অর্থসূচক.
