অস্ত্রোপচার করতে হচ্ছে মুরলী শ্রীশঙ্করকে।ছবি: সংগৃহীত
Published on
:
2 min read
এশিয়ান গেমসে (Asian Games 2026) রুপো জিতেও চোটের ধাক্কা সামলাতে হচ্ছে ভারতের লং জাম্পার মুরলী শ্রীশঙ্করকে (Murali Sreeshankar)। ডান গোড়ালির লিগামেন্টে চোটের কারণে মঙ্গলবার (১৩ অক্টোবর) লন্ডনে অস্ত্রোপচার করাতে চলেছেন ২৭ বছরের এই অ্যাথলিট। তাঁর চিকিৎসা ও রিহ্যাবের পুরো খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। সোমবার এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুরেশ গোপী (Suresh Gopi)। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের (Los Angeles Olympics) আগে শ্রীশঙ্করকে পুরোপুরি সুস্থ করে প্রতিযোগিতায় ফেরানোই এখন মূল লক্ষ্য।
এশিয়ান গেমসে কী ভাবে চোট পেয়েছিলেন শ্রীশঙ্কর
গত ২৮ সেপ্টেম্বর জাপানের নাগোয়ায় এশিয়ান গেমসে পুরুষদের লং জাম্পের ফাইনালে চোট পান শ্রীশঙ্কর। বৃষ্টিতে ভেজা ট্র্যাকে নিজের চতুর্থ লাফের প্রস্তুতি নেওয়ার সময় টেক-অফ বোর্ডের কাছে পা পিছলে যায় তাঁর। এর ফলে ডান গোড়ালির লিগামেন্টে চোট লাগে। যন্ত্রণায় কাতর হয়ে পড়ায় শেষ দু’টি লাফ দিতে পারেননি তিনি। তবে চোট নিয়েও রুপো জিততে কোনও সমস্যা হয়নি শ্রীশঙ্করের। দ্বিতীয় রাউন্ডে ৮.০৭ মিটার লাফই তাঁকে দ্বিতীয় স্থানে শেষ করতে সাহায্য করে। ৮.১৭ মিটার লাফ দিয়ে সোনা জেতেন চিনের শি ইউহাও (Shi Yuhao)। উজ়বেকিস্তানের আনভার আনভারভ (Anvar Anvarov) ৮.০৬ মিটার লাফ দিয়ে ব্রোঞ্জ জেতেন।
প্রথমে মনে করা হয়েছিল, বিশ্রাম ও রিহ্যাবের মাধ্যমেই সুস্থ হয়ে উঠতে পারবেন শ্রীশঙ্কর। প্রতিযোগিতার পর সংবাদসংস্থা PTI-কে তাঁর বাবা ও কোচ এস মুরলী জানিয়েছিলেন, চোট গুরুতর নয়। তিনি বলেছিলেন, ‘চোটটা গুরুতর নয়। ঠিক মতো রিহ্যাব ও বিশ্রাম নিলে ও সুস্থ হয়ে উঠবে। তা ছাড়া, মরশুম শেষ হয়ে গিয়েছে। আপাতত আর কোনও প্রতিযোগিতাও নেই।’ একই সঙ্গে টানা অনুশীলন ও প্রতিযোগিতার কারণে শ্রীশঙ্করের শারীরিক ক্লান্তির কথাও জানিয়েছিলেন তাঁর বাবা। কোথায় রিহ্যাব করানো হবে, তা নিয়েও আলোচনা চলছিল। ২০২৪ সালে দোহায় সফল ভাবে হাঁটুর অস্ত্রোপচার হয়েছিল শ্রীশঙ্করের। তাই রিহ্যাবের জন্য দোহার কথাও ভাবা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শ্রীশঙ্করের অস্ত্রোপচার ও চিকিৎসার পুরো খরচ দেবে কেন্দ্র
মঙ্গলবার লন্ডনের ফোর্টিয়াস ক্লিনিকে (Fortius Clinic) শ্রীশঙ্করের ডান গোড়ালির লিগামেন্টে অস্ত্রোপচার হওয়ার কথা। স্পোর্টস অর্থোপেডিক সার্জেন পিটার ডি হুগের (Pieter D'Hooghe) তত্ত্বাবধানে এই চিকিৎসা হবে। সোমবার ফেসবুক পোস্টে সুরেশ গোপী জানিয়েছেন, শ্রীশঙ্করের অস্ত্রোপচার, চিকিৎসা এবং রিহ্যাবের পুরো খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। যাতে তিনি পুরোপুরি সুস্থ হয়ে আবার প্রতিযোগিতায় ফিরতে পারেন এবং ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সের প্রস্তুতি নিতে পারেন, তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
এই সাহায্যের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে (Mansukh Mandaviya) ধন্যবাদ জানিয়েছেন সুরেশ গোপী। শ্রীশঙ্কর দ্রুত সুস্থ হয়ে আবার প্রতিযোগিতায় ফিরবেন বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
এশিয়ান গেমসে পদক জয়ের পর রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ
এশিয়ান গেমসে রুপো জয়ের পর কেরলের মন্ত্রীদের কাছ থেকে কোনও ফোন না পাওয়ায় হতাশা প্রকাশ করেছিলেন শ্রীশঙ্কর। তাঁর অভিযোগ ছিল, পদক জয়ের পর রাজ্য সরকারের কোনও মন্ত্রী তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। রাজ্য সরকারের কাছ থেকে প্রত্যাশিত সাহায্য ও স্বীকৃতি না পাওয়ায় নিজের অসন্তোষও প্রকাশ করেছিলেন এই লং জাম্পার। এ বার তাঁর অস্ত্রোপচার ও রিহ্যাবের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে কেন্দ্রীয় সরকার। আপাতত শ্রীশঙ্করের দ্রুত সুস্থ হয়ে ওঠা এবং ২০২৮ সালের অলিম্পিক্সের আগে প্রতিযোগিতায় ফেরাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।